ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাডেমি কাপের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দলকে ২৬ রানে হারিয়েছে জিপি-বিসিবি একাডেমি দল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের অধিনায়ক জশুয়া রিচাডর্স।
ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬২ রান করে জিপি-বিসিবি একাডেমি। জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা একাডেমি করে ১৩৬ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বোথা (৩৪) ও ভ্যান উইক (২০) দলকে উড়ন্ত সূচনা এনে দেন। ৫ ওভার ৩ বল স্থায়ী উদ্বোধনী জুটিতে ৫৩ রান তোলে ভ্যান উইক বিদায় নিলে প্রথম ধাক্কা খায় সফরকারীরা। ১ রান যোগ করে বোথা তাকে অনুসরণ করলে চেপে বসে স্বাগতিকরা।
জিপি-বিসিবি একাডেমি দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১ বল বাকি থাকতেই সবকটি উইকেট হারায় সফরকারীরা।
দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বাইরে মাঝসারির দুই ব্যাটসম্যান হেনড্রিকস (১৬) ও ভিলিওন (৩৮) পৌঁছেন দু'অঙ্কে।
স্বাগতিক দলের পক্ষে ম্যাচ সেরা আলাউদ্দিন বাবু ৩ উইকেট নেন ১৪ রানে। ২টি করে উইকেট নেন নুর হোসেন ও সানজামুল ইসলাম। এজন্য নুর দেন ২৩ রান। সানজামুল ৩৫।
এর আগে ব্যাট করতে নেমে জিপি-বিসিবি একাডেমি দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার (৩৯) ও রনি তালুকদার (১৪) আগ্রাসী সূচনা এনে দেন।
৭ম ওভারের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ও আনামুল হক (০) বিদায় নেয়ার আগে স্কোরবোর্ডে ৬০ রান জমা করেন। পরের দিকের ব্যাটসম্যানরা কেবল এই ধারাবাহিকতা টেনি নিয়ে গেছেন।
শক্ত ভীত কাজে লাগিয়ে দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন অধিনায়ক মোহাম্মদ মিথুন ৩৪, নাসির হোসেন ২৭ ও বাবু ২১।
সফরকারী দলের পক্ষে মাসেকেলা ২ উইকেট নেন ২২ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৩৩ ঘ.
bdnews24