ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজের চতুর্থ খেলায় সোমবার পাকিস্তানকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১ রানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
বারবাডোজের কেনসিংটন ওভাল মাঠে মোহাম্মদ হাফিজের অনবদ্য শতকে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৯ রানের জয়ের লক্ষ্য ছুড়ে দিয়েছিল শহিদ আফ্রিদির দল। বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ৩৯ ওভারে ২২৩ রান।
বৃষ্টির কারণে যখন খেলা বন্ধ হয়, তখন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২৯ ওভার ৫ বলে ৪ উইকেটে ১৫৪ রান। বৃষ্টি কারণে আর খেলা শুরু না হওযায় ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিকে ১ রানে বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান। পঞ্চম ওভারে আহমেদ শেহজাদ ফিরে গেলেও থামেনি আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের ব্যাট। দ্বিতীয় উইকেট জুটিতে আসাদ শাফিককে নিয়ে ১৫৩ রানের জুটি গড়েন তিনি।
দলীয় ১৬৮ রানের সময় আসাদ শাফিক (৭১) ব্রাভোর বলে সিমন্সের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
৭১ রানের ইনিংসে তিনি বল খেলেন ১০২ টি। ছক্কার মার না থাকলেও চার হাঁকান ৪টি।
রানের গতি বাড়ানোর তাগিদে অধিনায়ক শহিদ আফ্রিদি এরপর ব্যাট হাতে নেমে পড়েন। কিন্তু, ৮ রানের বেশি করতে পারেন নি তিনি।
অধিনায়কের বিদায়ের পরের ওভারেই ক্রিকেট জীবনের দ্বিতীয় শতক তুলে নেন মোহাম্মদ হাফিজ।
এরপর দলীয় ২১০ রানে মিসবাউল হক (৫) ও ২১৯ রানে হাফিজ (১২১) ফিরে গেলে চাপে পড়ে যায় সফরকারীরা।
হাফিজ ১৩৮ বলে ১২১ রানের ইনিংসটি সাজান ৭টি চার ও ৩টি ছক্কা দিয়ে।
দেবেন্দ্র বিশুর দুর্দান্ত স্পিনে ৩ উইকেটে ২১০ থেকে ৭ উইকেটে ২২০ এ পরিণত হয় পাক শিবির।
শেষ দিকে তানভির আহমেদের ১২ বলে ১৮ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ২৪৮ রানে গিয়ে থামে পাকিস্তানের ইনিংস। উইকেট হারায় তারা ৯টি।
বিশু ১০ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে হাফিজ, মিবাউল হক ও হাম্মাদ আজমের উইকেট তিনটি সংগ্রহ করেন।
কেমার রোচ ও ডোয়াইন ব্রাভোর দখলে যায় দুটো করে উইকেট।
বৃষ্টির কারনে ৩৯ ওভারে ২২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় বলেই কির্ক এডওয়ার্ডসের উইকেটটি হারায়।
ক্রিকেট জীবনের মাত্র ২৩তম ম্যাচ খেলতে নামা লেন্ডি সিমন্স এরপর নতুন ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে নিয়ে ৫৬ রানের জুটি গড়ে তোলেন।
২৬ বলে ২১ রান করে ড্যারেন ব্রাভো ফিরে গেলেও রামনরেশ সারওয়ানকে নিয়ে লড়াই চালিয়ে যান সিমন্স।
একদিকে সারওয়ান দেখেশুনে খেলছিলেন। অপর প্রান্তে সপাটে ব্যাট চালাচ্ছিলেন সিমন্স। ইনিংসের ১৩তম ওভারে মাত্র ৩৬ বল খেলে তুলে নেন নিজের ক্রিকেট জীবনের পঞ্চম অর্ধশতক।
কিন্তু, ২৫তম ওভারে মোহাম্মদ হাফিজ সারওয়ানকে (২৮) ও তার পরের ওভারে তানভির আহমেদ সিমন্সকে (৭৬) ফিরিয়ে দিলে আবারও খেলায় ফিরে আসে পাকিস্তান।
এরপর নতুন দুই ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস ও ডোয়াইন ব্রাভোর ইনিংস মেরামতের কাজ শুরু করেন।
২৯ ওভারে যখন ওয়েস্ট ইন্ডিজের রান যখন ১৪৮, তখন আবার টুপটাপ বৃষ্টি পড়তে শুরু করে। ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান, দুদলেরই রান তখন সমান ছিল।
৩০তম ওভারে আফ্রিদির দুটি বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন ব্রাভো। অধিনায়ক স্যামুয়েলস সাজঘর থেকে ইঙ্গিতে বুঝিয়ে দেন, বৃষ্টি আইনে পিছিয়ে আছেন তারা।
তৃতীয় বল মিড উইকেটের ওপর দিয়ে দড়ির ওপারে পাঠিয়ে প্রয়োজনীয় ছয়টি রান যোগ করেন ব্রাভো।
দু'বল পর অ্যাম্পায়াররা বৃষ্টির কারণে খেলা থামিয়ে দেন। বৃষ্টি বাধায় আর একটি বলও মাঠে গড়াতে পারেনি।
ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজ ১ রানে জিতে যায়।
অসাধারণ শতকের কারণে ম্যাচ সেরার পুরুষ্কার পান মোহাম্মদ হাফিজ।
সিরিজের পঞ্চম ও শেষ খেলায় দু'দল মুখোমুখি হবে ৫ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৪০০ ঘ.
bdnews24