ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরের উইকেট নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর তাদের ওই অভিযোগের সিদ্ধান্তের সমালোচনা করেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক শেন ওয়ার্ন।
রাজস্থানের বিপক্ষে ২৯ এপ্রিল জয়পুরে মুখোমুখি হয়েছিলো মুম্বাই। ম্যাচে ১১ বল বাকী থাকতেই ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছিলো রাজস্থান।
ওই দিন প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে মাত্র ৯৪ রান তুলতে সক্ষম হয়েছিলো মুম্বাই।
মুম্বাইয়ের অভিযোগের পর ওয়ার্ন বলেন, এটা সত্যিই হতাশজনক। আমি কলকাতার উইকেট দেখিছি। এছাড়া প্রতিযোগিতা চলছে এমন কিছু উইকেটও দেখেছি, যেগুলোর মধ্যে কয়েকটি খারাপ উইকেট আছে। কিন্তু কেউই অভিযোগ করেনি। বরং সবাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছে। আমি শচীন টেন্ডুলকার বা অন্য কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি না। বরং মুম্বাইয়ের উদ্দেশ্যে বলছি, তার এখানে এসে বাজেভাবে হেরেছে। আর আমার মনে হয় এখন তারা একটা অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে।"
মুম্বাইয়ের অভিযোগের কারণেই রোববার পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রাজস্থানের ম্যাচের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পিচ পরিদর্শক ভেঙ্কেট সুন্দারাম 'সাওয়াই মানসিং' স্টেডিয়াম পরিদর্শনে আসেন।
বিষয়টা স্বাগতিক দলের জন্য 'চাপের' বলেই মনে করেন ওয়ার্ন। বলেন, "মাঠে হঠাৎ করেই একজন 'পিচ' পরিদর্শক এলেন। আমার কাছে যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত ও অপ্রয়োজনীয় মনে হয়েছে। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সবার বিশেষ করে 'কিউরেটরের' জন্য আমার খারাপ লাগছে। কারণ তারা খুবই ভালো কাজ করেছে।"
রাজস্থানের বিপক্ষে হারের পর মুম্বাই অধিনায়ক শচীন টেন্ডুলকার বলেছিলেন, এখানকার পরিস্থিতি মুম্বাইয়ে চেয়ে আলাদা। এখানে বল নিচু হয়ে আসছিলো।
ওয়ার্নও টেন্ডুলকারের সঙ্গে একমত পোষন করে বলেছিলেন, উইকেট কিছুটা 'স্লো' ছিলো। তবে তিনি এটাও বলেন, তাই বলে এটা ৯৪ রান হওয়ার মত খারাপ উইকেট নয়। এখানে ১৩০ বা তার বেশি রান করা সম্ভব। আর তা করতে পারলেই ম্যাচে প্রতিযোগিতা হতো।
সব শেষে ওয়ার্ন বলেন, "হেরে গেলে লজ্জিত হওয়ার কিছু নেই। আর খারাপ খেললে তার জন্য কোনো অজুহাত খোঁজাও ঠিক নয়। বরং প্রতিপক্ষকে এর কৃতিত্ব দেয়া উচিত। আমি সত্যিই হতাশ হয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২৩৫ ঘ.
bdnews24