২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইয়ের কাছে হারলো ডেকান

ডেকান চার্জার্সকে ১৯ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ৮ খেলায় এটি চেন্নাইয়ের ৫ম জয়। অন্যদিকে সমান খেলায় এটি ডেকানের ৫ম পরাজয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 06:11 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেকান চার্জার্সকে ১৯ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ৮ খেলায় এটি চেন্নাইয়ের ৫ম জয়। অন্যদিকে সমান খেলায় এটি ডেকানের ৫ম পরাজয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৯তম খেলায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে সুরেশ রায়নার অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ১৬৫ রান করে চেন্নাই। জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানি সোহালের অর্ধশতকের পরেও ৮ উইকেটে ১৪৬ রানে থামে ডেকানের ইনিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ডেকানকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন সানি সোহাল। মাত্র ৩০ বলে খেলেন ৫৬ রানের আগ্রাসী এক ইনিংস। তিনি তার ইনিংস সাজান ৬টি চার ও ৪টি ছয়ের সাহায্যে। সপ্তম ওভারে দলীয় ৭১ রানের মাথায় সোহাল বিদায় নিলে ধীরে ধীরে ম্যাচ থেকে পিছিয়ে পড়ে ডেকান। প্রায় সব ব্যাটসম্যান শুরু করলেও কেউই নিজের ইনিংস বড় করতে পারেন নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৪৬ রানে থেমে যায় সাঙ্গাকারার দল। সোহাল ছাড়া আর কেউ পারেন নি বিশের কোঠায় পা রাখতে। তবে ৫ জন ব্যাটসম্যান পৌঁছান দু'অঙ্কে। চেন্নাইয়ের পক্ষে আলবি মরকেল ৩ উইকেট নেন ৩৮ রানে। সাদাব জাকাতি ২ উইকেট নেন ২৩ রানে। এর আগে শুরুতে মুরালি বিজয়কে (৩) হারালেও মাইক হাসি (৪৬) ও সুরেশ রায়না (৫৯) চেন্নাইকে দারুণ ভীত গড়ে দেন। দলীয় ১৩৬ রানে রায়না বিদায় নিলেও আলবি ৬ বলে ৩ ছয়ের সাহায্যে ১৯ রান করে দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন। রায়না তার ৩৫ বলের ইনিংস সাজান ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে। ডেকানের পক্ষে প্রজ্ঞান ওঝা ৩ উইকেট নেন ২৬ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৯ ঘ.