ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা জিম্বাবুয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চান। এ ব্যাপারে জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে তার আলোচনা চলছে।
চিগুম্বুরা বলেছেন, "নেতৃত্বে থেকে সরে দাড়ালে কাঁধ থেকে চাপ অনেকটাই কেটে যাবে। এতে নিজের ফর্ম ফিরে পাওয়া সহজ হতে পারে।" চাপ মুক্ত হলে দ্রুত নিজেকে ফিরে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
আসছে সপ্তাহে চিগুম্বুরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জিম্বাবুয়ে ক্রিকেট।
চিগুম্বুরার এক ঘনিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ইএসপিএনক্রিকইনফো বলেছে, "চিগুম্বুরা জিম্বাবুয়ের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চান। এ ব্যাপারে কোচ ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে তার কথাবার্তা চলছে। আগামী মঙ্গলবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।"
২০১০ সালের মে মাসে প্রসপার উৎসেয়াকে সরিয়ে চিগুম্বুরাকে অধিনায়কত্ব দেয় জিম্বাবুয়ে। ২০১০ বিশ্বকাপ আসরে এক রকম ব্যর্থ হয় জিম্বাবুয়ে। কানাডা, কেনিয়াকে হারাতে পারলেও হেরেছে টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে।
খারাপ সময় পার করা চিগুম্বুরা বলেছেন, অধিনায়কত্ব মোটেও উপভোগ করছেন না বরং তার জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে।
দলের মতো ব্যর্থ হয়েছেন চিগুম্বুরাও। বল ও ব্যাট দুটোতেই ছিলেন নিজের ছায়া হয়ে। অধিনায়ক হিসেবে ২০টি একদিনের খেলায় ২১.০৬ গড়ে করেন ৩৮৪ রান। সর্বোচ্চ ৪১। আর বল হাতে ১৫৮.৫০ গড়ে নেন ১১ উইকেট।
জিম্বাবুয়ের পত্রিকা নিউজডের এক প্রতিবেদনে বলা হয়েছে চিগুম্বুরার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অনেকটা চূড়ান্ত। এই পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে চিগুম্বুরা বলেছেন, "ব্যাটে রান ও বল হাতে উইকেট নেয়ার জন্য আমি অধিনায়ক নির্বাচিত হয়েছিলাম। তবে শেষ তিন মাসে আমি সামর্থ্য মতো এ কাজ করতে ব্যর্থ হয়েছি।"
চিগুম্বুরা বলেন, "বিশ্বকাপ থেকে ফিরে দীর্ঘ সময় নিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কথা বলেছি। কেউ কেউ বলছেন আরেকটু সময় নিতে। আবার কেউ কেউ বলেছেন নিজের খেলার দিকে মনযোগ দিতে। দলকে নেতৃত্ব দেয়ার কাজটা আন্যকেউ করুক।"
চিগুম্বুরার অধীনে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় জিম্বাবুয়ে। সিরিজে রানরআপ হয় দেশটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০৮ ঘ.
bdnews24