ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন খেলা জিতে সিরিজ নিশ্চিত হলেও দলের ব্যাটসম্যানদের উপর সন্তুষ্ট নন পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি। নিজ দলের ব্যাটসম্যান উপর সন্তুষ্ট নন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামিও।
তৃতীয় খেলায় মাত্র ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে প্রথম ৩ উইকেট হারানোর পর মিসবাহ-উল-হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ উইকেটে জয় পায় পাকিস্তান। এই জয়ের পর ব্যাটসম্যানদের জ্বলে উঠার আহ্বান জানান আফ্রিদি।
"এখনো কিছু সমস্যা আছে। আমি নিশ্চিত কোচ ও ম্যানেজমেন্ট টিম মিটিংয়ে এর জবাব চাইবেন।" একথা বললেও সিরিজ জেতায় দলের খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসাই ঝরেছে আফ্রিদির মুখ থেকে।
"ব্যাটসম্যানদের ক্রিজে আরো বেশি সময় কাটানো উচিৎ। আমরা প্রত্যেকেই জানি কিছু ভুল করছি।"
পাকিস্তানের বোলাররা সিরিজের তিন খেলাতেই ভালো বল করেছেন। এর আগে প্রথম দুই খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ২২১ ও ২২২ রানে বেঁধে ফেলেন তারা।
অন্যদিকে সিনিয়র তিন ক্রিকেটারকে বাদ দিয়ে পুনর্গঠনের দিকে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে। প্রথম দুই খেলায় শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। আর তৃতীয় খেলায় মাঝসারি ও নিচের সারির ব্যর্থতায় ২১ রানে শেষ ৬ উইকেট হারায় সামির দল। রবি রামপাল ও দেবেন্দ্র বিশু ৭ উইকেট নিলেও স্কোরবোর্ডে যথেষ্ট রান না থাকায় হার মানতে হয় দলটির।
উত্তরণের সহজ পথ বাতলে দিয়েছেন সামি। "আামিসহ দলের সব ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। বল হাতে ঠিক যেমন করছে বিশু।"
ব্যাটসম্যানরা যথেষ্ট প্রতিভাবান ও সম্ভাবনাময় হলেও সুযোগ কাজে লাগাতে পারছেন না বলে মনে করেন সামি।
"আমরা অভিজ্ঞতা অর্জন করছি। প্রতিভার দিক থেকে খুব একটা পিছিয়ে নেই। আমাদের এখন বেশি খেলা ও ধারাবাহিকতা প্রয়োজন। হয়তো এখন নির্বাচকরা দল নিয়ে বসবেন। তবে আমি আশা করছি সিরিজের শেষ খেলাগুলোর জন্য একই দল রেখে দেয়া হবে।"
আইসিসির একদিনের র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তান এমনকি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলেও থাকবে একই স্থানে। এতে র্যাঙ্কিং পদ্ধতির সমালোচনা করেছেন আফ্রিদি।
"আমি বুঝিনা কেন এমন হবে। একটা সফরে কখনোই সব খেলা সহজ নয় তা প্রতিপক্ষ যেই হোক না কেন। অবশ্যই সফরকারী দলের কোনো একটা সুবিধা থাকা উচিৎ।"
র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে এগিয়ে থাকা দল জিতেও খুব বেশি সুবিধা পায় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১৪ ঘ.
bdnews24