ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেটের উন্নতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরো পেশাদার হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক দুই অধিনায়ক শফিকুল হক হীরা ও রকিবুল হাসান।
বাংলাদেশের ক্রিকেট নিয়ে সিডন্সের মন্তব্য প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শফিকুল হক হীরা বলেন, "সিডন্স খুব ভুল তো কিছু বলেন নি। সিদ্ধান্তহীনতা থেকে শুরু করে আরো কিছু কিছু সমস্যা তো আমাদের আছেই। সেগুলো নিয়ে আমরা অনেক দিন ধরে কথাও বলে আসছি।"
বাংলাদেশের ক্রিকেটকে অনেক দিন ধরে দেখছেন হীরা। সাবেক এই অধিনায়ক এক সময় জাতীয় দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের ক্রিকেটে উন্নতির জন্য পূর্ণ পেশাদারিত্ব প্রয়োজন বলে মনে করেন তিনি।
একই মত জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসানের। তিনি বলেন, "আমাদের আরো পেশাদার হতে হবে। পেশাদার শুধু মানে টাকা পয়সার দিক দিয়ে নয়, মানসিকতার দিক দিয়ে।"
বাংলাদেশের ক্রিকেটের জন্য ধৈর্য্যরে অভাবটাকেও বড় অন্তরায় মনে করেন রকিবুল। তিনি বলেন, "আমাদের আরো ধৈর্য্য ধরতে হবে। বোর্ডকে অবশ্যই আবেগমুক্ত থেকে কাজ করতে হবে। প্রত্যেককে কাজের স্বাধীনতা দিতে হবে। কাউকে দায়িত্ব দিলে তার উপরে বিশ্বাস রেখে ধৈর্য্য ধরতে হবে।"
ব্যাটসম্যানরা বারবার একই ভুল করার পেছনে খেলোয়াড়ের চেয়ে পিচকে কম দায়ী মনে করেন না রকিবুল।
"আমাদের পিচগুলোতে পেস ও বাউন্স খুব একটা থাকে না। সব পিচই মোটামুটি স্লো আর টার্নিং। এখানে শট খেলা অনেক কঠিন। আমাদের ব্যাটিং সহায়ক পিচ দরকার। এছাড়া ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো ফল পাওয়া যাবে না।"
এদিকে সিডন্সের মন্তব্য দায়িত্বহীন বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ। তিনি বলেন, "সিডন্স খুব করে থাকতে চেয়েছিলেন। কোনো কারণে তা সম্ভব হয়নি। সে কারণেই তিনি এমন বলে থাকতে পারেন।"
মনজুর বলেন, "তার এই মন্তব্যে আমাদের কোনো ক্ষতি হবে না। হলে তার হবে। এ ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাইলে দায়িত্বে থাকা অবস্থায় বললেই ভালো করতেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩৪ ঘ.
bdnews24