২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ কুইজ প্রোটন সাগা জিতলেন আবুল ইউসুফ

দীর্ঘ প্রতীক্ষার পর শেষ হাসি হাসলেন বেসরকারি সংস্থার কর্মকর্তা আবুল ইউসুফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার গ্র্যান্ড পুরস্কার হিসেবে প্রোটন সাগা জিতে নিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ প্রতীক্ষার পর শেষ হাসি হাসলেন বেসরকারি সংস্থার কর্মকর্তা আবুল ইউসুফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার গ্র্যান্ড পুরস্কার হিসেবে প্রোটন সাগা জিতে নিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর হোটেল লেইকশোরে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগী ছাড়াও সাবেক ক্রীড়াবিদ ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে বিকেল ৩টার পর থেকেই কুইজ বিজয়ী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। গ্র্যান্ড পুরস্কারের বিজয়ী কে হচ্ছেন তা নিয়ে 'টেনশন' তো ছিলোই, তার সঙ্গে প্রতিযোগীদের চোখেমুখে ছিলো আনন্দ আর উত্তেজনার আভা। অবশেষে নেদা সাকিবা আর ফাহিম রহমান অভির উপস্থাপনায় বিকেল ৪টায় শুরু হয় এই আনন্দযজ্ঞ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনুষ্ঠানটি সরাসরি 'ওয়েবকাস্ট' করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। কুইজের পৃষ্ঠপোষক ও প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল, আমাদের সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুুর আহমেদ ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, রকিবুল হাসান ও খালেদ মাহামুদ সুজন, সাবেক ফুটবলার কায়সার হামিদ ও সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জিএমজি এয়ারলাইনসের চেয়ারম্যান শায়ান রহমান, এডিএনের চেয়ারম্যান আসিফ মাহমুদ, মাল্টিমোড গ্র"পের পরিচালক তাফসির আওয়াল, ওয়েস্টিনের সেলস বিভাগের প্রধান সৈয়দ ইয়ামিনুল হক, মাল্টি সোর্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বাহাউদ্দিন, সিটিসেলের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ তানজিন হক ও লেইকশোরের ব্যবস্থাপনা পরিচালক কাজী তারেক শামস ছাড়াও এ প্রতিযোগিতার স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এ আয়োজনকে পূর্ণতা দেন। স্বাগত বক্তব্য শেষে শুরু হয় পুরস্কার বিতরণ পর্ব। প্রতিদিনের কুইজ পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ, প্রিন্টার, নামকরা রেস্তোরাঁর খাওয়ার কুপন এবং ১০০টি জুম আল্ট্রা মোডেম তুলে দেন অতিথিরা। গ্র্যান্ড প্রাইজ ঘোষণা শুরু হয় ৫টার দিকে। শুরুতেই আসে তৃতীয় ও দ্বিতীয় গ্র্যান্ড পুরস্কারের ঘোষণা। তৃতীয় পুরস্কার হিসেবে গ্যালাক্সি হলিডেইজের সৌজন্যে ঢাকা-কলকাতা বিমান টিকেট জিতে নেন মো. মোক্তাদির হোসেন। তার হাতে টিকেট তুলে দেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক ফুটবলার কায়সার হামিদ। অনুষ্ঠান আয়োজনের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিশেষভাবে ধন্যবাদ জনিয়ে বিসিবি সভাপতি বলেন, বিশ্বকাপের সফল আয়োজনের পেছনে দেশের ক্রিকেট পাগল দর্শকদের চেয়ে মিডিয়ার ভূমিকা কোনো অংশে কম ছিল না। মোস্তফা কামাল বলেন, "সবার অংশগ্রহণেই আমারা একটি সফল বিশ্বকাপ আয়োজন করতে পেরেছি। সকলের সম্পৃক্ততা না থাকলে এটি সম্ভব হতো না। আমাদের অনেক সঙ্কট ছিল, সীমাবদ্ধতা ছিল। তারপরেও আমরা পেরেছি। এর পেছনে মূল অবদান আপানাদের, বিশেষ করে মিডিয়ার।" দ্বিতীয় পুরস্কার হিসেবে জিএমজি এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-ব্যাংকক দুটি বিমান টিকেট জিতে নেন ফজলুল হক। তার হাতে পুরস্কার তুলে দেন জিএমজির চেয়ারম্যান শায়ান রহমান। সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার রকিবুল হাসান ও শফিকুল হক হীরা। এ সময় ফজলুল হককে বিষ্ময়ে ভাসিয়ে ব্যাংকক ভ্রমণের খরচ হিসাবে তার হাতে আরো এক লাখ টাকা তুলে দেন শায়ান রহমান। এরপর রুদ্ধশ্বাস প্রতীক্ষা। একটু বাদেই ঘোষণা আসবে, কে জিতেছেন প্রতিযোগিতার চূড়ান্ত পুরস্কার। কার ভাগ্যে আছে প্রোটন সাগা। অবশেষে নেদা অবসান ঘটালেন অপেক্ষার। বিজয়ী আবুল ইউসুফের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে হাত তালিতে ফেটে পড়ে পুরো মিলনায়তন। প্রোটনের পক্ষ থেকে পুরস্কার হস্তান্তর করেন তাফসির আওয়াল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউসুফ বলেন, "আমি অভিভূত। ভাবিনি, শেষ পর্যন্ত আমিই এই গাড়ি পাবো।" ব্যাক্তিগত জীবনে প্রকৌশলী ইউসুফ অনুষ্ঠানে এসেছিলেন ভাই, ভাবী আর ভাইয়ের দুই সন্তানকে নিয়ে। পুরস্কার পেয়ে পুরো পরিবারই উচ্ছ্বসিত। তাদের হাতে ঝাঁ চকচকে প্রোটন সাগার চাবি তুলে দিতে পেরে দারুণ খুশি তাফসিরও। "পুরস্কার জয়ী পরিবারের মতো আমিও দারুণ খুশি। দারুণ লাগছে, একটি পরিবারের হাতে আনকোরা একটি একটি গাড়ি তুলে দিতে পেরে। আমরা শুধু প্রথম পুরস্কারটিই দিচ্ছি না, এছাড়াও একাধিক পুরস্কার দিয়েছি আমরা। ভবিষ্যতেও আমরা এ ধনের যে কোনো উদ্যোগের পাশে থাকবো।" পুরস্কার বিতরণ শেষে ছিল আপ্যায়ন পর্ব। এরপর বাপ্পা মজুমদারের গানের সুরে অনেকেই মেতে ওঠেন আড্ডায়। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত সবাই। কেউবা সঙ্গে এনেছেন তার প্রিয়জনকে। কেউ নিয়ে এসেছেন তার সন্তানকে, কেউবা এনেছেন তার বাবাকে। গত ১৯ ফেব্র"য়ারি বিশ্বকাপের প্রথম দিন থেকেই শুরু হয় এই কুইজ প্রতিযোগিতা। মাল্টিমোড ট্রান্সপোর্ট, জন ডিয়ার ট্রাক্টর, এডিএন, সিটিসেল, জিএমজি, গ্যালাক্সি হলিডেজ, লো বেলাজিও, ওয়েস্টিন, লেইকশোর, প্যান প্যাসিফিক সোনারগাঁও, দি এইট, স্টেইক হাউজ ও নান্দোজের বিভিন্ন প্রতিষ্ঠান এ আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা করেছে। এ প্রতিযোগিতায় বিশ্বকাপের পুরোটা সময় প্রতিদিন একটি করে প্রশ্ন দেওয়া হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতাকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রতিদিনের কুইজ ফল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশ করা হলেও বাম্পার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হলো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়েই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/আরএম/জেকে/১৮৫৪ ঘ.