ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শত শত ক্রিকেটপ্রেমীর প্রতীক্ষার পালা শেষ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের প্রায় সবাই জড়ো হয়েছেন রাজধানীর হোটেল লেইকশোরে। আছেন নামিদামি ক্রীড়াবিদ ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। এই অনুষ্ঠানেই জানা যাবে, কে হচ্ছেন গ্র্যান্ড পুরস্কার প্রোটন সাগার বিজয়ী।
হোটেল লেইকশোরে বিকেল ৪টায় শুরু হয় এই আনন্দযজ্ঞ। অনুষ্ঠানটি সরাসরি 'ওয়েবকাস্ট' করারও উদ্যোগ নিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এ অনুষ্ঠানের মধ্য দিয়েই কুইজ প্রতিযোগিতার বাম্পার পুরস্কার বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে মাল্টিমোড ট্রান্সপোর্টের সৌজন্যে গাড়ির চাবি। পুরস্কার হিসেবে আরো রয়েছে বিমান টিকেট, ল্যাপটপ, প্রিন্টার, নামকরা রেস্তোরাঁর খাওয়ার কুপন এবং ১০০টি জুম আল্ট্রা মোডেম।
অনুষ্ঠান উপলক্ষে বিকেল ৩টার পর থেকেই কুইজ বিজয়ী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। গ্র্যান্ড পুরস্কারের বিজয়ী কে হচ্ছেন তা নিয়ে 'টেনশন' তো ছিলোই, তার সঙ্গে প্রতিযোগীদের চোখেমুখে ছিলো আনন্দ আর উত্তেজনার আভা।
গত ১৯ ফেব্র"য়ারি বিশ্বকাপের প্রথম দিন থেকেই শুরু হয় এই কুইজ প্রতিযোগিতা। মাল্টিমোড ট্রান্সপোর্ট, জন ডিয়ার ট্রাক্টর, এডিএন, সিটিসেল, জিএমজি, গ্যালাক্সি ট্রাভেলস, লো বেলাজিও, ওয়েস্টিন, লেইকশোর, প্যান প্যাসিফিক সোনারগাঁও, দি এইট, স্টেইক হাউজ ও নান্দোজের বিভিন্ন প্রতিষ্ঠান এ আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা করেছে।
এ প্রতিযোগিতায় বিশ্বকাপের পুরোটা সময় প্রতিদিন একটি করে প্রশ্ন দেওয়া হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতাকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রতিদিনের কুইজ ফল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশ করা হলেও বাম্পার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়েই।
দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে জিএমজি এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-ব্যাংকক বিমান টিকেট এবং তৃতীয় পুরস্কার গ্যালাক্সি ট্র্যাভেলসের সৌজন্যে ঢাকা-কলকাতা বিমান টিকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/আরএম/জেকে/১৫১০ ঘ.
bdnews24