ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিল্লি ডেয়ারডেভিলসকে ১৭ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স।
৭ খেলায় এটি কলকাতার চতুর্থ জয়। অন্যদিকে সমান খেলায় এটি দিল্লির পঞ্চম পরাজয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৩তম খেলায় বৃহস্পতিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি অধিনায়ক বীরেন্দর শেবাগ।
ব্যাট করতে নেমে মনোজ তিওয়ারীর অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ১৪৮ রান করে কলকাতা। জবাবে ৯ উইকেটে ১৩১ রানে থামে দিল্লি।
জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্য শুরুতে দিল্লিকে লড়াইয়েই রেখেছিলেন শেবাগ। ২৩ বলে ৩৪ রান করে দলকে ভালো একটা সূচনা এনে দিয়েছিলেন তিনি। কিন্তু উপরের সারির ব্যাটসম্যানদের মধ্যে জেমস হোপ (২৫) ছাড়া কেউ সেভাবে কলকাতার বোলারদের মোকাবেলা করতে না পারায় ধীরে ধীরে জয়ের পাল্লা হেলে যায় কলকাতার দিকে।
একপর্যায়ে ১৪ ওভার ৫ বলে ৮৫ রানে ৬ উইকেট হারায় দিল্লি। এরপর ভেনুগোপাল রাও (১৯) ও যোগেশ নগর (১৯) চেষ্টা করেছিলেন কিন্তু তাতে কাজ হয়নি। হার ঠেকাতে পারেননি তারা।
কলকাতার পক্ষে ইকবাল আব্দুল্লাহ ৩ উইকেট নেন ২৫ রানে।
এর আগে মনোজ ৪৭ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন। তিনি তার ইনিংস সাজান ২টি চার ও ৩টি ছয় দিয়ে। এছাড়া শ্রীভাটস গোস্বামী ২২ ও রায়ান টেন ডয়েসকেট ১৯ রান করেন।
দিল্লির পক্ষে উমেশ যাদব ২ উইকেট নেন ২৯ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০১ ঘ.
bdnews24