ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের কোচ হিসেবে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ডানকান ফ্লেচারকে নিয়োগ দেয়ায় বিসিসিআই'র সমালোচনা করেছেন সুনীল গাভাস্কার ও কপিল দেব।
ভারতের এই দুই সাবেক ক্রিকেটার বিদেশী কোচের বদলে ভারতের কোনো সাবেক ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার পক্ষপাতি।
ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনের বদলে ফ্লেচারকে নিয়োগ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, "দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা হিন্দি ভাষায় কথা বলেন। এ কারণে মহিন্দর অমরনাথ বা তার মতো কাউকে কোচ হিসেবে নিয়োগ দেয়া হতো আরো ভালো সিদ্ধান্ত।"
কোচ হিসেবে অমরনাথই যে গাভাস্কারের প্রথম পছন্দ সেটাও পরিস্কার করে দিয়েছেন। "ফ্লেচারের চেয়ে অনেক সহজে ক্রিকেটারদের সঙ্গে মিশে যেতে পারতেন অমরনাথ।"
শুধু ভাষাই নয় শক্ত মানসিকতা ও ফিরে আসার অসাধারণ গুণও অমরনাথে গাভাস্কারের মুগ্ধতার কারণ।
"অমরনাথ ফিরে আসতে পারে। সে জানে ঠিক কি করতে হবে। একজন ভারতীয় রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করবেন এই ভাবনা মোটেও যৌক্তিক নয়। অনুমান করে বলে দেয়া যায় না তার ব্যক্তিত্ব দৃঢ় নয়।"
হিন্দুস্থান টাইমসের সঙ্গে কথা বলা সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব তো প্রশ্নই করেছেন, 'ডানকান ফ্লেচার কে?' ১৯৮৩ সালের বিশ্বকাপে কপিল খেলেছিলেন ফ্লেচারের বিপক্ষে। স্মৃতি ঘেঁটেও খেলোয়াড় হিসেবে ফ্লেচার সম্পর্কে খুব বেশি কিছু মনে করতে পারেননি তিনি।
"প্রায় ৩০ বছর আগে খেলেছিলাম। তার সম্পর্কে খুব বেশি কিছু মনে পড়ছে না। আমি ভেঙ্কটেশ প্রাসাদ এবং রবিন সিংকে ভারতের কোচের ভূমিকায় দেখতে চাই।"
ভারতীয় বলে নয় ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কাজ দেখানোয় এ দুজনের হাতে দলকে সঁপে দিতে চান কপিল। ২০০৯ সালের অক্টোবর পর্যন্ত দু বছরেরও বেশি সময় প্রাসাদ ও রবিন ভারতের বোলিং ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেন।
ইংল্যান্ড দলের সঙ্গে আট বছর ছিলেন ফ্লেচার। ৬২ বছর বয়সী ফ্লেচারের অধীনেই ২০০৫ সালে অ্যাশেজ জেতে ইংল্যান্ড। ১৯৮৬-৮৭ সালের পর সেবারই প্রথম অ্যাশেজ শিরোপা ঘরে তুলেছিলো দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০০২ ঘ.
bdnews24