ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের শতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। তখনো হাতে ছিল ১২ বল।
এই খেলায় জিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে পাকিস্তান ২-০ তে এগিয়ে গেল।
সেন্ট লুসিয়ার বুশেজো স্টেডিয়ামে সোমবার রান তাড়া করতে গিয়ে ৪৮ ওভারে ৩ উইকেটে জয়ের লক্ষ্য ২২১ টপকে ২২৩ রানে পৌঁছে যায় পাকিস্তান।
এর আগে টস জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্সের অর্ধশতকের সুবাদে ঠিক ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২২০ রান করে দলটি।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও শেহজাদ দেখে-শুনে খেলে ৬৬ রানের মজবুত একটি ভিত্তি গড়ে দেন।
হাফিজ ৩২ রান করে সাজঘরে ফিরে গেলেও খেলে যেতে থাকেন শেহজাদ। তবে ১৪৩ বলে একদিনের ক্রিকেট-জীবনের দ্বিতীয় শতকে (১০০) পৌঁছার পরপর বিদায় নেন তিনি। শেষ পর্যন্ত ১০২ রানে থেমে যায় তার পালা। তিনি তার ১৪৮ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ১টি ছক্কা দিয়ে। তখন দলের রান ছিল ১৯৩।
এর আগে ১৩২ রানের মাথায় আসাদ শফিক সাজঘরে ফেরেন ২৩ রান করে।
শেষ পর্যন্ত মিসবাহ উল হক ও উমর আকমল নিরাপদেই দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। মিসবাহ অপরাজিত ছিলেন ৪৩ রানে। আর ১৭ রানে উমর।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বেবেন্দ্র বিশু ২ উইকেট নেন ৩৬ রানে।
এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সিমন্স এক প্রান্ত ধরে খেললেও অন্য প্রান্তে চলতে থাকে ব্যাটসম্যানদের আসা-যাওয়া।
দলের আট ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পা রাখলেও কেউ নিজেদের ইনিংস বড় করতে পারেননি। তাই গড়ে ওঠেনি বড় কোনো জুটিও।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৫১ রান করেন সিমন্স। এছাড়া মারলন স্যামুয়েলস ২৯ ও কেমার রোচ করেন ২৪।
অতিরিক্ত থেকে এসেছে ২৫ রান।
পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন সাইদ আজমল, মোহাম্মদ হাফিজ, ওহাব রিয়াজ ও শহিদ আফ্রিদি। এজন্য আজমল দেন ২৩ রান, হাফিজ ৩৮, রিয়াজ ৩৯ ও আফ্রিদি ৪১।
সেরা খেলোয়াড় হন শেহজাদ।
তৃতীয় খেলা হবে ২৮ এপ্রিল ব্রিজটাউনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮০৩ ঘ.
bdnews24