ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের শতকের সুবাদে সোমবার ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা।
ফলে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তান ২-০ তে এগিয়ে গেল।
একদিনের ক্রিকেটে শেহজাদের এটি দ্বিতীয় শতক।
সেন্ট লুসিয়ার বুশেজো স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি।
উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্সের অর্ধশতকের সুবাদে ১০ উইকেটে ২২০ রান করে স্বাগতিকরা। জবাবে শেহজাদের শতকের উপর ভর করে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য ২২১ টপকে ২২৩ রানে পৌঁছে যায় পাকিস্তান। তখনো বাকী ছিলো ১২ বল।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা সতর্ক সূচনা করেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও শেহজাদ।
দলীয় ৬৬ রানে দেবেন্দ্র বিশুর বলে হাফিজ (৩২) সাজঘরে ফিরে যান। তবে খেলে যেতে থাকেন শেহজাদ। ১৪৩ বলে তিনি শতকে পৌঁছান। তবে নিজের ইনিংস আর বেশি দূর টেনে নিতে পারেননি শেহজাদ। শেষ পর্যন্ত ১০২ রান করে সেই বিশুর শিকারে পরিণত হন তিনি। ১৪৮ বলে খেলা তার এই ইনিংসটি ছিলো ৭টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজনো।
বাকী কাজটুকু নিরাপদেই সারেন মিসবাহ-উল-হক ও উমর আকমল। মিসবাহ অপরাজিত ৪৩ রান করেন। এছাড়া উমর ১৭ রানে অপরাজিত ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের একমাত্র সফল বোলার বিশু ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সিমন্স এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকলেও অন্য প্রান্তে চলতে থাকে ব্যাটসম্যানদের আসা-যাওয়া। প্রথম ম্যাচের মত এই ম্যাচেও বড় জুটি গড়তে ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। এগার ব্যাটসম্যানের মধ্যে আট জনই দুই অঙ্কের কোঁটায় পৌঁছান। তবে সম্ভাবনা জাগিয়েও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। আর এটাই ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহ গড়তে না পারার কারণ।
দলীয় সর্বোচ্চ ৫১ রান করেন সিমন্স। এছাড়া মারলন স্যামুলেস ২৯ ও কেমার রোচ ২৪ রান করেন।
অতিরিক্ত খাত থেকে এসেছে ২৫ রান।
পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন সাইদ আজমল, মোহাম্মদ হাফিজ, ওহাব রিয়াজ ও শহিদ আফ্রিদি। এজন্য আজমল দেন ২৩ রান, হাফিজ ৩৮, রিয়াজ ৩৯ ও আফ্রিদি ৪১।
ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের আজমল শেহজাদ।
সিরিজের তৃতীয় খেলা ২৪ এপ্রিল, ব্রিজটাউনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১৩০ ঘ.
bdnews24