২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনার বিপক্ষে চেন্নাইয়ের জয়

চেন্নাই সুপার কিংস ২৫ রানে হারিয়েছে পুনা ওয়ারিয়র্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেন্নাই সুপার কিংস ২৫ রানে হারিয়েছে পুনা ওয়ারিয়র্সকে। চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৯তম খেলায় সোমবার রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১১৭ রানে থেমে যায় পুনার পালা। এর আগে টস জিতে পুনা ব্যাট করতে পাঠায় চেন্নাইকে। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান মাইক হাসির অর্দশতকের ওপর ভর করে ৬ উইকেটে ১৪২ রান করে দলটি। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই পাল্লা দিয়ে এগোতে পারেনি পুনা। বরং ৭৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে খাদে পড়ে যায়। অধিনায়ক যুবরাজ সিং ৩৪ ও মিথুন ম্যানহাস ২০ রান করে হারের ব্যবধানই কেবল কমান। কিন্তু খাদ থেকে দলকে টেনে তুলতে পারেননি তারা। এছাড়া ১৫ করে রান করেন জেসি রাইডার ও নাথান ম্যাককালাম। চেন্নাইয়ের বোলারদের মধ্যে অ্যালবি মর্কেল ৩ উইকেট নেন ২৯ রানে। এর আগে চেন্নইয়ের শুরুটা ভালোই করেন মুরালি বিজয় ও হাসি। ৯ ওভার ২ বলে ৬৪ রানের শক্ত একটি ভিত্তি গড়ে দেন তারা। ৩১ রান করে করে বিজয়ের বিদায়ের পর দলের সঙ্গে আর ২ রান যোগ হতেই ফিরে যান সুরেশ রায়না (২)। এতে বড় ধরনের ধাক্কা খায় দলটি। এ অবস্থায় হাল ধরেন হাসি ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তৃতীয় উইকেট জুটিতে তারা দলের সঙ্গে ৫২ রান যোগ করে ধাক্কা সামাল দিতে না দিতে ১১৮ রানের মাথায় সাজঘরের পথ ধরেন ধোনি (২৬)। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই। দলীয় ১২২ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে অর্ধশতক আদায় করে নেন হাসি। ৬১ রান করেন ৪৮ বলে। তিনি তার ইনিংসটি সাজান ৬টি চার ও ১টি ছক্কা দিয়ে। পুনার বোলারদের মধ্যে জেরোম টেলর ৩ উইকেট নেন ৩০ রানে। আর ২৯ রানে ২ উইকেট নেন অ্যালফোনসো টমাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০১৮ ঘ.