ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেকান চার্জার্সকে সহজেই ৩৭ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৭তম খেলায় রোববার রান তাড়া করতে গিয়ে ৮ উইকেটে ১৩৫ রানে থেমে যায় ডেকানের পালা।
এর আগে টস জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠায় ডেকান। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান করে দলটি।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই পাল্লা দিয়ে এগোতে পারেনি ডেকান। বরং নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৪ রান করেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এছাড়া শেখর ধাওয়ান ২৫ ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ২১ রান করেন।
অমিত মিশ্র অপরাজিত থাকেন ২৫ রানে। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি।
মুম্বাইয়ের বোলারদের মধ্যে লাসিথ মালিঙ্গা ৩ উইকেট নেন ৯ রানে।
এর আগে মুম্বাইয়ের উদ্বোধনী ব্যাটসম্যান ডেভি জ্যাকবস ও অধিনায়ক শচীন টেন্ডুলকার ৫ ওভার ১ বলে দলকে ৪৭ রানের শক্ত ভিত্তি গড়ে দেন।
কিন্তু দলীয় ৭০ রানের মাথায় বড় ধরনের ধাক্কা খায় মুম্বাই। বিদায় নেন শচীন (২৮), আম্বাতি রায়ুদু (৭) ও কিয়েরন পোলার্ড (০)।
তবে রানের চাকা থামেনি মুম্বাইয়ের। সচল রাখেন রোহিত শর্মা ও অ্যান্ড্রু সাইমন্ডস। শেষ পর্যন্ত অর্ধশতক আদায় করে নেন শর্মা। ৩৪ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি। শর্মা তার ইনিংসটি সাজান ৫টি চার ও ৩টি ছক্কা দিয়ে।
আর ৪৪ রানে অপরাজিত থাকেন সাইমন্ডস। তার ৩৩ বলের ইনিংসে চার রয়েছে ৪টি ও ছক্কা ১টি।
এর আগে ৪৭ রানের মাথায় সাজঘরের পথ ধরার আগে জ্যাকবস করেন ৩২।
ডেকানের বোলারদের মধ্যে অমিত মিশ্র ২ উইকেট নেন ১৪ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০০৭ ঘ.
bdnews24