২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানের ম্যাচে দিল্লির কাছে হারলো পাঞ্জাব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় কিংস ইলিভেন পাঞ্জাবকে ২৯ রানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 04:20 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় কিংস ইলিভেন পাঞ্জাবকে ২৯ রানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ৫ খেলায় এটি দিল্লির দ্বিতীয় জয়। অন্যদিকে সমান খেলায় এটি পাঞ্জাবের দ্বিতীয় পরাজয়। আইপিএল এর ২৬তম খেলায় শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। ব্যাট করতে নেমে অধিনায়ক বীরেন্দর শেবাগ ও ডেভিড ওয়ার্নার অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ২৩১ রান করে দিল্লি। জয়ের জন্য ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শন মার্শের অর্ধশতকের পরেও ৬ উইকেটে ২০২ রানে থামে পাঞ্জাবের ইনিংস। জবাব দিতে নেমে মার্শ ও গিলক্রিস্ট দ্বিতীয় উইকেট জুটিতে ৭২ রানের জুটি গড়ে দলকে লড়াইয়েই রেখেছিলেন। ২৫ রানে প্রথম উইকেট পড়লেও রান তোলার গতি অনেকটাই বাড়িয়ে নেন তারা। কিন্তু ১১তম ওভারে গিলক্রিস্ট (৪২) বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় পাঞ্জাব। দলের রান তখন ৯৭। তবু লড়ে যেতে থাকেন মার্শ। অন্যপ্রান্তে দিনেশ কার্তিক (৬) ও ডেভিড হাসি দ্রুত সাজঘরে ফিরে গেলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে পাঞ্জাব। অতিরিক্ত মারতে গিয়ে ১৮তম ওভারে মর্নে মরকেলের বলে শেবাগকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন মার্শ (৯৫)। তিনি তার ৪৬ বলের ইনিংস সাজান ৯টি চার ও ৬টি ছয়ের সাহায্যে। মার্শের বিদায়ের পর পাঞ্জাব লড়েছে হারের ব্যবধান কমাতে। দিল্লির পক্ষে অজিত আগারকার ২ উইকেট নেন ৪৭ রানে। এর আগে গিলক্রিস্টের হাসি মুছে দিতে মোটেও সময় নেননি দিল্লির দুই উদ্বোধনী ব্যাটসম্যান। শেবাগ ও ওয়ার্নার ১১ ওভার ৪ বল স্থায়ী উদ্বোধনী জুটিতে রীতিমত ঝড় তোলেন। দলীয় ১৪৬ রানে শেবাগ (৭৭) ফিরে গেলেও অবিচল ছিলেন ওয়ার্নার। শেবাগ তার ৩৫ বলের ইনিংস সাজান ৮টি চার ও ৪টি ছয়ের সাহায্যে। শেবাগ ফেরার দলীয় ১৭৯ রানে বিদায় নেন ওয়ার্নার (৭৭)। তিনি তার ৪৮ বলের ইনিংসে ৭টি চার ও ৪টি ছয় মারেন। শেষ পর্যন্ত ভেনুগোপাল রাও ২৮ রানে ও নামান ওঝা ১৯ রানে অপরাজিত ছিলেন। এ দুজন শেষ ৩ ওভারে তোলেন ৪৭ রান। পাঞ্জাবের পক্ষে চারজন বোলার ১টি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৩ ঘ.