ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিভাগের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে রাজশাহীর সংগ্রহ ২০৬।
মিজানুর রহমান ১৩৯ ও অভিষেক মিত্র ৫৬ রানে ব্যাট করছেন।
ঢাকার শ্লথ গতির ব্যাটিংয়ের বিপরীতে মিজানুর খেলেন একদিনের মেজাজে। ১৩৯ রান করতে খেলেন ১৬৪ বল। তিনি তার ইনিংস সাজান ২২টি চারের সাহায্যে।
অন্যদিকে অভিষেক ছিলেন ধৈর্য্যরে প্রতিমূর্তি। তিনি ৫৬ রান করতে খেলেন ১৪৯ বল। তার ইনিংসে ৫টি চার ও ১টি ছয়ের মার রয়েছে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় শেষে নিজেদের প্রথম ইনিংনে ১০ উইকেট হাতে রেখে এখনো রাজশাহী ৮৮ রানে পিছিয়ে আছে।
এর আগে ৬ উইকেটে ২১৭ রান নিয়ে দ্বিতীয় শুরু করা ঢাকা শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে। আগের দিন ২১ রানে অপরাজিত আসিফ ইকবাল কোনো রান যোগ করার আগে বিদায় নিলে একা হয়ে পড়েন আরমান হোসেন।
দশম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে খেলেন ৬৫ রানের দারুণ এক ইনিংস। তিনি তার ১৩৫ রানের ইনিংস সাজান ১১টি চার দিয়ে।
এছাড়া মোহাম্মদ সেন্টু ১০ ও তালহা জুবায়ের ১৭ রান করেন।
রাজশাহীর পক্ষে দেলোয়ার হোসেন ৪ উইকেট নেন ৭০ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩৬ ঘ.
bdnews24