ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিচের সারির ব্যাটসম্যানদের ভালো ব্যাটিংয়ের সুবাদে একাডেমি কাপের দ্বিতীয় চার দিনের খেলার দ্বিতীয় দিন রানের পাহাড় গড়ে তোলেছে জিপি-বিসিবি একাডেমি দল।
নিজেদের প্রথম ইনিংসে আনামুল হকের ১৬৯ ও দশম উইকেট জুটির ৯৮ রানের উপর ভর করে জিপি-বিসিবি একাডেমি দল ৪৭৯ রান করে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণ অফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দল ১ উইকেটে ৬৬ রান করে। ৯ উইকেট হাতে নিয়ে সফরকারীরা এখনো ৪১৩ রানে পিছিয়ে আছে।
দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের ডমিনিক হেনড্রিকস ৩০ ও ভ্যান উইক ১৭ রানে ব্যাট করছেন। অধিনায়ক জশুয়া রিচাডর্স (১৭) বিদায় করে স্বাগতিক দলের পক্ষে একমাত্র উইকেট নেন আলাউদ্দিন বাবু।
প্রথম দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান আনামুল ও বাবু দ্বিতীয় দিন শুরু করেন দেখে শুনে। ৬ উইকেটে ৩৩২ রান নিয়ে দিন শুরু করা জিপি একাডেমি দল ৩৬২ রানে হারায় দিনের প্রথম উইকেট। আগের দিন ১৬ রানে অপরাজিত বাবু আর ১ রান যোগ করে ১৭ রানে সাজঘরে ফিরেন। ষষ্ঠ উইকেটে আনামুল ও বাবু যোগ করেন ৬২ রান।
আগের দিন ১২৭ রানে অপরাজিত আনামুল দ্বিতীয় দিন অনেকটাই আক্রমণাত্মক ছিলেন। শেষ পর্যন্ত দলীয় ৩৮১ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেন তিনি। একই রানে বিদায় নেন সানজামুল ইসলামও (৪)।
আনামুল তার ২৮৭ বলের ইনিংসটি সাজান ২৬টি চার ও ২টি ছয় দিয়ে।
এর পর স্বাগতিকদের ইনিংস বেশি দূর এগোবে মনে হলেও শেষ উইকেটে সফরকারীদের ধৈর্য্যরে বেশ পরীক্ষা নিয়েছেন শাকের আহমেদ ও শুভাশীষ রায়। ঠিক ৫২ ওভার ব্যাট করেন তারা। এ সময় রান তোলেন ৯৮। ২৮ রান করে শুভাশীষ বিদায় নিলে থামে জিপি-বিসিবি একাডেমি দলের ইনিংস।
শুভাশীষ তার ১৩৬ বলের ইনিংসে ৪টি চার হাঁকান। শেষ পর্যন্ত ৬৪ রানে অপরাজিত ছিলেন ১০ নম্বর ব্যাটসম্যান শাকের। তার ১৭৮ বলের ইনিংসে ৯টি চার রয়েছে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নেন মার্চেন্ট ল্যাঙ্গ ও হেরডস ভিলিওন। এ জন্য ল্যাঙ্গ দেন ১২০ রান। ভিলিওন ১২৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/ ১৯২০ ঘ.
bdnews24