ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিন রাজশাহী বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগ ৬ উইকেটে ২১৭ রান করেছে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ১৫ ওভারের মধ্যে ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ঢাকা।
এরপর মাঝের সারির ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলায় উইকেটের পতন কমে এলেও ওভার প্রতি রান তোলার গতি বাড়েনি। দলটির ওভার প্রতি রান তোলার গড় ছিল ২.৩৮।
চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক মোশারফ হোসেন ও মেহরাব হোসেন ৭৫ রান তুলে প্রাথমিক ধাক্কা কিছুটা হলেও সামাল দেন। দলীয় ৯৪ রানের মাথায় মেহরাব ৪২ রান করে বিদায় নিলেও অবিচল ছিলেন মোশারফ।
দলের ষষ্ঠ ও দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরা আগে ২১২ বলে ৬৯ রান করেন তিনি। তখন দলের রান ছিল ১৮৭। মোশারফ তার ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে।
অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে দলের সঙ্গে ৪০ রান যোগ করেন অসিফ ইকবাল ও আরমান হোসেন। আসিফ ২১ ও আরমান ১৮ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে ৫ম উইকেট জুটিতে মোশরাফ ও তৈয়বুর রহমান (৩৬) তোলেন ৮১ রান। দলীয় ১৭৭ রানে তৈয়বুর ও ১০ রান পর মোশারফ বিদায় নিলেও আসিফ ও আরমানের ভালো ব্যাট করায় ঢাকাকে চেপে ধরতে পারেনি রাজশাহী।
রাজশাহীর পক্ষে শাহজাদা হোসেন ও দেলোয়ার হোসেন ২টি করে উইকেট নেন। এ জন্য শাহজাদা দেন ২৩ রান। দেলোয়ার ৩৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪৯ ঘ.
bdnews24