ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শাহরিয়ার নাফীসের শতকের ওপর ভর করে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম দিন সব উইকেট হারিয়ে ২৫৭ রান করেছে বরিশাল বিভাগ।
বরিশালের পক্ষে ১২৩ রান করেন অধিনায়ক শাহরিয়ার নাফীস। আর সিলেটের অধিনায়ক অলোক কাপালী ৫ উইকেট নেন ৪৫ রানে।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৬ রান করে সিলেট। ইমতিয়াজ হোসেন ১ ও সৈকত আলী ৫ রানে অপরাজিত রয়েছেন। ফলে দিন শেষে ২৫১ রানে পিছিয়ে আছে সিলেট। হাতে আছে ১০ উইকেট।
জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিন শুক্রবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অলোক। ৮ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে তার মুখে হাসি এনে দেন ফখরুল ইসলাম।
তবে তৃতীয় উইকেট জুটিতে নাফীস ও ইফতেখার নাঈম দলের সঙ্গে ১০৩ রান যোগ করলে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠে বরিশাল। ৪৬ রান করে নাঈম ফিরে গেলেও অবিচল ছিলেন নাফীস।
চতুর্থ উইকেট জুটিতে নাফীস ও শাহীন হোসেন দলের সঙ্গে যোগ করেন ৪৩ রান। দলীয় ১৫৪ রানের মাথায় রান-আউট হয়ে শাহীন বিদায় নিলে আবারো চাপে পড়ে বরিশাল। শেষ পর্যন্ত ওই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি দলটি।
শেষের দিকের ব্যাটসম্যান সোহেল গাজীর ব্যাট থেকে ৪৭ রান না এলে বিপদ আরো বাড়তো সিলেটের। সোহেল ও নাফীস ৮১ রানের জুটি গড়ে যখন বিপদ কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন, ঠিক তখনই বিদায় নেন সোহেল। তখন দলের রান ছিল ২৫২।
সোহেলের বিদায়ের পর হুড়মুড় করে ভেঙে পড়ে বরিশালের পালা। শেষ ৫ রানে ৪ উইকেট হারায় তারা।
নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে নাফীস তার শতক আদায় করে নেন। তিনি তার ১২৩ রানের ইনিংসটি সাজান ১৪টি চার ও ১টি ছক্কা দিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৩৯ ঘ.
bdnews24