ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজের একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
২০ ওভারের ক্রিকেটে এটি পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়।
সেন্ট লুসিয়ার বুশেজো স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ১৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১৪৩ রানে থেমে যায় পাকিস্তানের পালা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। ৭ ওভারে ৪৯ রান তুলতেই সাজঘরে ফিরে যান চার ব্যাটসম্যান। এর মধ্যে আসাদ শফিকের ব্যাট থেকে আসে ২৫।
এক প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা চলতে থাকলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন উমর আকমল। দলীয় ১০৯ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় পাকিস্তানের আশা।
আকমল ৪১ বলে করেন ৪১ রান। তিনি তার ইনিংসটি সাজান ৪টি চার দিয়ে। ১৯তম ওভারে ১২৩ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর সাঈদ আজমলের অপরাজিত ২১ রান হারের ব্যবধানই কমিয়েছে কেবল।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দেবেন্দ্র বিশু ৪ উইকেট নেন ১৭ রানে। রবি রামপল ৩ উইকেট নেন ৩১ রানে।
এর আগে ব্যাট করতে নেমে ২ রানের মাথায় এক উইকেট হারালে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে সিমন্স ও ড্যারেন ব্রাভো ৯৯ রান তুলে উল্টো চাপে ফেলে দেন সফরকারীদের।
দলীয় ১০১ রানের মাথায় ব্রাভো ৪২ রান করে বিদায় নেন। তার ৩৩ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা রয়েছে।
দলের সঙ্গে আর ১৩ রান যোগ হতেই ব্রাভোর পথ ধরেন সিমন্সও। রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬৫ রান করেন তিনি। তার ৪৪ বলের ইনিংসে রয়েছে ৭টি চার ও ২টি ছক্কা।
এরপর ওয়েস্ট ইন্ডিজের আর কোনো ব্যাটসম্যান পাকিস্তানের বোলারদের উপর অবশ্য চড়াও হতে পারেননি। তারপরও স্বাগতিকদের ইনিংস দেড় শ'র ঘরে পা রাখে।
পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন আব্দুর রেহমান, ওয়াহাব রিয়াজ ও সাঈদ আজমল। এ জন্য রেহমান দেন ২২ রান। রিয়াজ ২৪। আজমল ৩৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৫০ ঘ.
bdnews24