২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাডেমি কাপে লড়াইয়ের প্রতিশ্রুতি

দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে একাডেমি কাপে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন মোহাম্মদ মিথুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে একাডেমি কাপে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন মোহাম্মদ মিথুন। জিপি-বিসিবি একাডেমি দলের অধিনায়ক মিথুন সফরকারী দক্ষিণ আফ্রিকা একাডেমি দলকে শক্তিশালী বলে বর্ণনা করেন। এর আগেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে তার। সে অভিজ্ঞতা থেকেই জানেন সিরিজ সহজ হবে না। তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকা খুব শক্তিশালী দল। বেশ কয়েকজন উঁচু মানের পেসার রয়েছেন। ব্যাটসম্যানরাও দারুণ আক্রমণাত্মক। দলটির বিপক্ষে খেললে আমাদের অভিজ্ঞতা অনেক বাড়বে।" শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোন বিসিবি একাডেমি কাপের লোগো উন্মোচন করার সময় এসব কথা বলেন মিথুন। এ সময় গেম ডেভেলপমেন্ট কমিটির সদস্য ও জিপি-বিসিবি একাডেমি দলের ম্যানেজার জালাল আহমেদ চৌধুরী, জিপি-বিসিবি একাডেমি দলের প্রধান কোচ রস টার্নার, দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ইব্রাহিম মোহাম্মদ ও অধিনায়ক জসুয়া রিচার্ডস উপস্থিত ছিলেন। প্রথম চারদিনের খেলায় ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইনিংস ও ৫৮ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে আছে জিপি-বিসিবি একাডেমি। সমতা ফেরানোর কথা না বললেও শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের খেলায় লড়াইয়ের প্রতিশ্র"তি দেন মিথুন। খেলা শুরু হবে শুক্রবার। তিনি বলেন, "ফতুল্লাহয় দক্ষিণ আফ্রিকা একাডেমি দল খুব ভালো খেলেছে। আক্রমণাত্মক ক্রিকেট খেলায় আমরা খুব একটা সুযোগ পাইনি।" অধিনায়কের সুরেই সুর মিলিয়েছেন জিপি-বিসিবি একাডেমি দলের প্রধান কোচ রস টার্নার। তিনি বলেন, "ভালো ক্রিকেট খেলেছেন সফরকারীরা। ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেছেন। বোলাররা ভালো বল করেছেন।" এদিকে দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের অধিনায়ক জসুয়া রিচার্ডস শের-ই-বাংলায় 'স্পোর্টিং' উইকেট আশা করছেন। তিনি বলেন, "বাংলাদেশ বেশ শক্তিশালী দল। তাদের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান ও বোলার আছে। নিজেদের চেনা পরিবেশে তারা আমাদের চাপে ফেলতে পারে। পরের খেলাতেও আমরা স্পোর্টিং উইকেট আশা করছি।" প্রতিপক্ষ সম্পর্কে প্রায় একই মত দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের প্রধান কোচ ইব্রাহিম মোহাম্মদেরও। দ্বিতীয় চারদিনের ম্যাচ শেষে উভয় দল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে তিনটি একদিনের খেলা। এছাড়া শের-ই-বাংলায় দু'টো টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। প্রথম একদিনের খেলা হবে ২৮ এপ্রিল, দ্বিতীয়টি ৩০ এপ্রিল ও ২ মে হবে তৃতীয়টি। টি-টোয়েন্টি হবে ৫ ও ৬ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২০৫ ঘ.