ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট সারাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লাসিথ মালিঙ্গাকে দেশে ফেরার নির্দেশ দিতে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)।
মালিঙ্গা এক চিঠিতে বোর্ডকে জানিয়েছিলেন, হাঁটুর চোটের কারণে তিনি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না। তাই সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের প্রাথমিক দলে তাকে রাখা হয়নি।
তবে মালিঙ্গা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ঠিকই খেলে যাচ্ছেন। আর এখানেই দেখা দিয়েছে প্রশ্নের।
শ্রীলঙ্কার নতুন প্রধান নির্বাচক দ্যুলিপ মেন্ডিস বলেন, "কেউ যদি বলেন যে তিনি চোট পেয়েছেন, আবার মাঠেও তাকে দেখা যাচ্ছে, তাহলে তার বক্তব্য অবশ্যই বেমানান।"
এ কারণেই মেন্ডিস লিখিতভাবে মালিঙ্গাকে দেশে ডেকে পাঠানোর পাশাপাশি চোট সারানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিতে যাচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, "এক্ষেত্রে চিকিৎসার জন্য তাকে (মালিঙ্গা) দেশে ফিরে আসা ও শ্রীলঙ্কার হয়ে খেলতে চাইলে নিজেকে প্রস্তুত করতে বলা ছাড়া আমরা আর কি করতে পারি।"
হাঁটুর চোট মালিঙ্গাকে বহুদিন ধরে ভোগাচ্ছে। এ কারণে তিনি টেস্ট খেলতে খুব একটা আগ্রহী নন। ২০০৭ সালের ডিসেম্বরের পর তিনি মাত্র দু'টো টেস্ট খেলেন। তাও দেশের মাটিতে।
তবে একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে মালিঙ্গা বেশ আগ্রহী। এই দুই ধরনের ক্রিকেটে তিনি বেশ সফলও হচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯১১ ঘ.
bdnews24