ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁধের চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এই মৌসুমে আর খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জন হ্যাস্টিংসের।
চিকিৎসার জন্য তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন।
২০ হাজার ডলারে কোচি টাসকার্স কেরালা হ্যাস্টিংসকে কিনেছিলো।
এক টুইটার বার্তায় হ্যাস্টিংস জানান, "কাঁধের স্ক্যান করার জন্য আমি আইপিএল ছেড়ে দেশে ফিরে যাচ্ছি। সামনে অনেক খেলা আছে। তবে এই মৌসুমে আমার ফেরা হচ্ছে না। আশাকরি আইপিএলের আগামী আসরে আমি আবার খেলতে পারবো।"
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর শেষ করে এক সপ্তাহ আগে আইপিএলে যোগ দেন হ্যাস্টিংস। তবে কোচির হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি তার।
অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকেও কিনেছিলো কোচি। তবে গোঁড়ালিতে অস্ত্রপচারের কারণে তাকেও দলে পায়নি ক্লাবটি।
যদিও আইপিএলে কোচির শুরুটা ভালো ছিলো না। প্রথম দুই খেলাতেই হেরে গিয়েছিলো দলটি। তবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দারুণভাবে লড়াইয়ে ফিরে এসেছে ক্লাবটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০৯ ঘ.
bdnews24