২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকানের কাছে হারল দিল্লি

দিল্লি ডেয়ারডেভিলসকে ১৬ রানে হারিয়েছে ডেকান চার্জার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 10:43 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম)-দিল্লি ডেয়ারডেভিলসকে ১৬ রানে হারিয়েছে ডেকান চার্জার্স। ৫ খেলায় এটি ডেকানের দ্বিতীয় জয়। অন্যদিকে ৪ খেলায় এটি দিল্লির তৃতীয় পরাজয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম খেলায় মঙ্গলবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সোহালের ৬২ রানের সুবাদে ৪ উইকেটে ১৬৮ রান করে ডেকান। জবাবে ডেভিড ওর্য়ানারের অর্ধশতকের পরেও ৭ উইকেটে ১৫২ রানে থামে দিল্লি। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভারের মধ্যে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দিল্লি। ৪র্থ উইকেটে ওয়ার্নার ও ভেনুগোপাল রাও ৫২ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। কিন্তু দলীয় ৯০ রানে রাও (২১) বিদায় নিলে দিক হারায় দিল্লি। পরে ৯৯ রানের মাথায় ওয়ার্নারও (৫১) সাজঘরে ফিরে গেলে পাল্লা অনেকটাই ঝুঁকে পড়ে ডেকানের দিকে। ওয়ার্নার তার ৪৮ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে। ওয়ার্নারের বিদায়ের পর অন্য ব্যাটসম্যানরা লড়েছেন কেবল পরাজয়ের ব্যবধান কমাতে। ডেকানের পক্ষে হারমিত সিং ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ২টি করে উইকেট নেন। এ জন্য হারমিত দেন ২৭ রান। ক্রিশ্চিয়ান ৩৮। এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানকে (৮) হারালেও প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে রান তোলার গতি বাড়ান সোহাল ও কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুজন যোগ করেন ৯২ রান। ৪৯ রান করে অধিনায়ক সাঙ্গাকারা বিদায় নিলেও অবিচল ছিলেন সোহাল। সাঙ্গাকারা তার ৩৫ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ১টি ছয় দিয়ে। ১৫ তম ওভারে দলীয় ১২৯ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে সোহাল তোলে নেন অর্ধশতক। ৪১ বলে খেলা তার ৬২ রানের ইনিংসে রয়েছে ৮টি চার ও ১টি ছয়। শেষ দিকে ক্যামেরন হোয়াইট ৩১ রানে অপরাজিত ছিলেন। এ রান করতে তিনি খেলেন ২৫ বল। দিল্লির পক্ষে অশোক দিন্দা, ইরফান পাঠান, জেমস হোপস ও শাহবাজ নাদীম একটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৫৮ ঘ.