ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট বিভাগের বিপক্ষে তৃতীয় দিনে বোলাররা খেলায় ফিরিয়েছেন রাজশাহী বিভাগকে।
নিজেদের প্রথম ইনিংসে সিলেট ৩১৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে রাজশাহী ২৩৭ রান করে। এতে ৭৯ রানের লিড পায় সিলেট। কিন্তু তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে গুটিয়ে যায় সিলেট। সব মিলিয়ে ২৩৬ রানে এগিয়ে থাকে দলটি।
জয়ের জন্য ২৩৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৪ রান তোলতেই ১ উইকেট হারিয়ে দিন শেষ করে রাজশাহী। ৪ রান করা অভিষেক মিত্রকে ফেরান আবু জায়েদ রাহী।
৭ উইকেটে ২১২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা রাজশাহী বেশিক্ষণ ব্যাট করতে পারেনি। ২৫ রান যোগ করতেই হারায় শেষ ৩ উইকেট।
রাহী ৪ উইকেট নেন ৫৭ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ৭৫ ওভার ৫ বলে ১৫৭ রানে গুটিয়ে যায় সিলেটের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ২৭ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান সৈকত আলীর ব্যাট থেকে। রাজিন সালেহ করেন ২৫ রান।
দলের ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছলেও কেউই নিজেদের ইনিংসকে বড় করতে পারেন নি।
রাজশাহীর পক্ষে তাইজুল ইসলাম ৪ উইকেট নেন ৪৯ রানে। ফরহাদ হোসেন ৩ উইকেট নেন ১৫ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২০১ ঘ.
bdnews24