২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের সিরিজ খেলতে চায় পাকিস্তান

আবারো ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক গড়ে তুলতে চায় পাকিস্তান। এ জন্য সে দেশের ক্রিকেট বোর্ড পাকিস্তান কিংবা অন্য কোনো দেশে একদিনের সংক্ষিপ্ত একটি সিরিজ আয়োজনের ব্যাপারে ভারতের ক্রিকেট বোর্ডকে রাজি করানোর চেষ্টা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক গড়ে তুলতে চায় পাকিস্তান। এ জন্য সে দেশের ক্রিকেট বোর্ড পাকিস্তান কিংবা অন্য কোনো দেশে একদিনের সংক্ষিপ্ত একটি সিরিজ আয়োজনের ব্যাপারে ভারতের ক্রিকেট বোর্ডকে রাজি করানোর চেষ্টা করছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ সাংবাদিকদের বলেন, "এ বছর যে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ আয়োজন করা যে সম্ভব নয়, তা আমরাও বুঝি। কিন্তু ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক আবার চালু করার জন্য এ বছরেরই কোনো এক সময় পাকিস্তান কিংবা অন্য কোনো দেশে তিন কিংবা পাঁচ ম্যাচের একদিনের সিরিজ আয়োজন করতে আমরা খুবই আগ্রহী।" এরই মধ্যে ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে উল্লেখ করে সুবহান বলেন, "আমরা ই-মেইলে আমাদের ইচ্ছার কথা তাদের জানিয়েছি এবং তারা তার জবাবও দিয়েছেন। কিন্তু তারা এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত। তাই প্রতিযোগিতাটি শেষ হয়ে গেলে আমরা আলোচনা শুরু করবো।" জুনে ভারতীয় বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে পিসিবির কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে এই সিরিজ আয়োজনের উপায় খুঁজে বের করা সম্ভব হবে বলে আশা করছেন সুবহান। একই সঙ্গে তিনি এ কথাও স্বীকার করেন যে, ভারতীয় দলের ব্যস্ততার কারণে সিরিজের জন্য এক সপ্তাহ কিংবা দশ দিন সময় বের করা বেশ কঠিনই হবে। আইপিএল শেষে চার টেস্ট ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলতে ভারতের ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা। এরপর জুলাই-অগাস্টে লম্বা সফরে যাওয়ার কথা ইংল্যান্ডে। নভেম্বরে আবার ভারত দেশের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে খেলবে একদিনের সিরিজ। ইংল্যান্ড চলে গেলে তিন টেস্ট ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যত সফর কর্মসূচি অনুযায়ী, পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে ২০১২ সালের মার্চ-এপ্রিলে পাকিস্তানের ভারত সফরের কথা। কিন্তু পিসিবি দ্বিপাক্ষিক সফর আয়োজন করতে চায় তার আগেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৫ ঘ.