২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইজডেনের টেস্ট একাদশে তামিম

উইজডেন টেস্ট একাদশে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইজডেন টেস্ট একাদশে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল। এর আগে উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হন তিনি। এ বছরের উইজডেন টেস্ট একাদশে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার নেই। সবচেয়ে বেশি পাঁচ ক্রিকেটার রয়েছেন ভারতের। ধারাবাহিকভাবে ভালো খেলার কারণে বীরেন্দর শেবাগের সঙ্গে পালার উদ্বোধন করার জন্য তামিমকে বেছে নেয়া হয়। গত বছর মাত্র ৭টি টেস্ট খেলার সুযোগ পান তামিম। ১৪ ইনিংসে ৫৯.৭৮ গড়ে করেছেন ৮৩৭ রান। হাঁকিয়েছেন ৩টি শতক ও ৬টি অর্ধশতক। সর্বোাচ্চ ১৫১ রানের ইনিংসটিও খেলেন এ সময়কালে। ইংল্যান্ড সফরে লর্ডসে শতক হাঁকান তিনি। ইংল্যান্ডের বিপক্ষে শতরান করেন পরের টেস্টেও। বিস্ফোরক এই উদ্বোধনী ব্যাটসম্যানের স্ট্রাইক রেট অন্য ব্যাটসম্যানদের চেয়ে অনেক বেশি। গত বছর তার চেয়ে বেশি রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র শেবাগের স্ট্রাইক রেটই তার চেয়ে বেশি। শেবাগের স্ট্রাইক রেট ৯০.৮০। আর তামিমের ৮০.৭১। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে উইজডেনের টেস্ট একাদশে জায়গা পেলেন তিনি। তামিম এ পর্যন্ত ১৯টি টেস্ট খেলেছেন। ৪০.১৩ গড়ে করেছেন ১,৪৪৫ রান। সর্বোচ্চ ১৫১। ৪টি শতক ও ও ৮টি অর্ধশতক রয়েছে তার ঝুলিতে। দল: বীরেন্দর শেবাগ, তামিম ইকবাল, কুমার সাঙ্গাকারা, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, গ্রায়েম সোয়ান, ডেল স্টেইন, জহির খান ও জেমস অ্যান্ডারসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএনএম/টিআর/২০৩৯ ঘ.