২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজের সব খেলাতেই বাংলাদেশের হার

লড়াই করলেও শেষ পর্যন্ত বাংলাদেশকে ৬৬ রানে হার মানতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। ফলে তিন ম্যাচের সিরিজের সব খেলায় জিতলো অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 07:55 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লড়াই করলেও শেষ পর্যন্ত বাংলাদেশকে ৬৬ রানে হার মানতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। ফলে তিন ম্যাচের সিরিজের সব খেলায় জিতলো অস্ট্রেলিয়া। জুম আলট্রা একদিনের সিরিজের তৃতীয় ও শেষ খেলায় বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের লক্ষ্য ৩৬২ তাড়া করতে নেমে ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস ও মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ২৯৫ রানে থেমে যায় বাংলাদেশের পালা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাইক হাসির শতকের ওপর ভর করে ৮ উইকেটে ৩৬১ রান করে অস্ট্রেলিয়া। প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের পালাকে পথেই রাখেন প্রথম তিন ব্যাটসম্যান। দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুল কায়েস ও শাহরিয়ার নাফীস দলের সঙ্গে ১৩৬ রান যোগ করেন। ১৭৯ রানের মাথায় জেমস প্যাটিসনের বলে সাজঘরে ফেরার আগে ৯৩ রান করেন কায়েস। তার ৯৫ বলের ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কা রয়েছে। এটি একদিনের ক্রিকেটে তার নবম অর্ধশতক। এরপর আর বেশিক্ষণ ব্যাট করতে পারেননি নাফীসও (৬০)। আগের খেলার মতো এবারও অর্ধশতকে পৌঁছার পরই বিদায় নেন তিনি। তার ৮৬ বলের ইনিংসে ৪টি চার রয়েছে। দলীয় ১৯৭ রানে নাফীসের বিদায়ের পরপরই অধিনায়ক সাকিব আল হাসান (৯) ও মুশফিকুর রহীম (১) বিদায় নিলে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। এ অবস্থায় হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত ৬১ বলে ৬৮ রানের হার না মানা একটি ইনিংস খেললেও দলকে আর পথে ফেরাতে পারেননি তিনি। মাহমুদুল্লাহ তার ইনিংসটি সাজান ৫টি চার ও ২টি ছক্কা দিয়ে। পালার শুরুতে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ইকবাল ও কায়েস। মাত্র ৪ ওভার ৩ বলে ৪৩ রান তোলেন তারা। এর মধ্যে তামিম ৩২ রান করেন ১৭ বলে। চার মারেন ৬টি চার ও ছক্কা ১টি। অস্ট্র্রেলিয়ার পক্ষে মিচেল জনসন ৩ উইকেট নেন ৬৭ রানে। প্রথমে ব্যাট করতে নেমে চমৎকার সূচনা করে অস্ট্রেলিয়া। তবে সবার নজর কাড়েন মাইক হাসি। পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে হাসি শেষ ওভারে অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৯১ বলে করেন ১০৮। তিনি তার ইনিংসটি সাজান ৯টি চার ও ২টি ছক্কা দিয়ে। এটি তার একদিনের ক্রিকেট জীবনের তৃতীয় শতক। এর আগে দ্বিতীয় খেলায় ওয়াটসন ও সাবেক অধিনায়ক রিকি পন্টিং যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে শুরু করেন তারা। ব্র্যাড হ্যাডিনের বদলে টিম পেইনকে সুযোগ দেয়ায় ২০০৯ সালের পর প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক খেলায় উদ্বোধন করতে নামেন পন্টিং। উদ্বোধনী জুটিতে রীতিমত ঝড় তোলেন ওয়াটসন ও পন্টিং। ১১ ওভার ৫ বলে ১১০ রান তোলেন তারা। ৭২ রান করে আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হন ওয়াটসন। তার ৪০ বলের ইনিংসে ১১টি চার ও ৩টি ছক্কা রয়েছে। দলীয় ১২৯ রানের মাথায় রাজ্জাকের বলে সাজঘরের পথ ধরেন পন্টিংও। পন্টিং ৫০ বলে ৪৭ রান করেন ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক মাইকেল ক্লার্ক ও মাইক হাসি যোগ করেন ৮৯ রান। ৪৭ রান করে ক্লার্ক মাশরাফি বিন মর্তুজার বলে উইকেটের পেছনে মুশফিকুর রহীমের হাতে ধরা পড়েন। তখন দলের রান ছিল ২৩১। ক্লার্ক ফিরে গেলেও অবিচল ছিলেন হাসি। ষষ্ঠ উইকেট জুটিতে হাসি ও মিচেল জনসন যোগ করেন আরো ৭০ রান। মাত্র ২৪ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪১ রান করে জনসন বিদায় নিলেও থেমে যায়নি অস্ট্রেলিয়ার রানের চাকা। পরের ব্যাটসম্যানরাও মেরে খেলে যেতে থাকেন। ফলে অস্ট্রেলিয়ার রান সাড়ে তিন শ' ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত একপ্রান্তে জন হেস্টিংস ২১ ও অন্যপ্রান্তে ২ রানে অপরাজিত থাকেন জাভিয়ের ডোয়ার্টি। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন রাজ্জাক ও মাশরাফি। এ জন্য রাজ্জাক দেন ৫৮ রান। মাশরাফি ৮০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২২৯ ঘ.