ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিজের প্রথম দুই খেলায় বাজেভাবে হারলেও শেষ খেলায় লড়াই করার সামর্থ্য বাংলাদেশের আছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার মাঝের সারির ব্যাটসম্যান কালাম ফার্গুসন।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেলে অনুশীলন শুরুর আগে এক সংবাদ সম্মেলনে ফার্গুসন বলেন, "বাংলাদেশ খুব ভালো একটি দল। উপরের দিকে তামিম ইকবালের মতো ব্যাটসম্যান রয়েছে তাদের। মাঝসারির ব্যাটসম্যানরাও ভালো খেলছেন।"
তবে লড়াই করতে হলে তিন বিভাগেই বাংলাদেশকে ভালো করতে হবে বলে মনে করেন তিনি। বলেন, "বাংলাদেশের শুরুটা ভালো হতে হবে। ফিল্ডিং-বোলিং বিভাগেও ভালো করাটা জরুরী। বাংলাদেশের বোলারদের গত খেলার চেয়ে ভালো করার সামর্থ্য রয়েছে।"
বিশ্বকাপ ব্যর্থতা ভুলে সামনের দিকে তাকাতে চায় অস্ট্রেলিয়া। নতুন নেতৃত্বের অধীনে তার দলের শুরুটা বেশ ভালো হয়েছে বলে মনে করেন ফার্গুসন।
"দুটি খেলাতেই মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসন দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মাঠে তারা দুর্দান্ত। এটা নতুন যুগের শুরু মাত্র। এমন অনেক সাফল্য সামনে অপেক্ষা করছে। প্রতিবার অস্ট্রেলিয়ার অধিনায়ক বদল হওয়ার সময় এমন হয়। নতুন নেতৃত্ব তাদের চিহৃ রেখে যেতে চান।"
দুই খেলায় সহজ জয়ের পরেও বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া।
"এটা আন্তর্জাতিক ক্রিকেট, সহজ বলতে কিছু নেই। জিততে হলে আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে।
অনেক দিন ধরেই দলে আছেন ফার্গুসন। তবে সেভাবে খেলার সুযোগ পাচ্ছিলেন না। মাঝে হাঁটুর চোটটাও ভুগিয়েছে। তাই বাংলাদেশের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে তিনি দারুণ খুশি।
"আমি খেলতে পেরেই খুশি। আরো ভালো লাগতো দলের জয়ে অবদান রাখতে পারলে। ওয়াটসন তো আর কাউকে ব্যাট করার সুযোগ দেননি। তার দুর্দান্ত ইনিংসই ব্যবধান গড়ে দিয়েছে।"
মঙ্গলবার বিকেল চারটায় জিপি-বিসিবি একাডেমি মাঠে অনুুশীলন করতে আসে অস্ট্রেলিয়া।
প্রথম দুই খেলায় জিতে এরই মধ্যে ৩ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৪০ ঘ.
bdnews24