২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াটসনের সর্বোচ্চ রান, সিরিজ অস্ট্রেলিয়ার

শেন ওয়াটসনের শতকের সুবাদে বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তখনও হাতে ছিল ২৪ ওভার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 03:39 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেন ওয়াটসনের শতকের সুবাদে বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তখনও হাতে ছিল ২৪ ওভার। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জুম আলট্রা একদিনের সিরিজের দ্বিতীয় খেলায় সোমবার টস জিতে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহীম ও শাহরিয়ার নাফীসের অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ২২৯ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ওয়াটসনের হার না মানা ১৮৫ রানের সুবাদে ২৬ ওভারে ১ উইকেটে জয়ের লক্ষ্য ২৩০ টপকে ২৩২ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ওয়াটসন। উদ্বোধনী জুটিতে ওয়াটসন ও ব্র্যাড হ্যাডিন ৮ ওভার ৩ বলে তোলেন ৬২ রান। এর মধ্যে মাত্র ৮ রান আসে হ্যাডিনের ব্যাট থেকে। এতেই বোঝা যায় কতটা আক্রমণাত্মক ছিলেন ওয়াটসন। অধিনায়ক সাকিব আল হাসানের বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে হ্যাডিন ধরা পড়লে ভাঙন ধরে উদ্বোধনী জুটিতে। এটিই ছিল বাংলাদেশের একমাত্র সাফল্য। হার না মানা দ্বিতীয় উইকেট জুটিতে ১৭ ওভার ৩ বলে ১৭০ রান তোলেন ওয়াটসন ও সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এতে পন্টিংয়ের অবদান ৩৭। অন্য প্রান্তে স্বাগতিক বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে উঠেন ওয়াটসন। ১৮৫ রানে অপরাজিত থাকলেও দু'বার জীবন পান তিনি। তার ৯৬ বলের ইনিংসে ১৫টি চার ও ১৫টি ছক্কা রয়েছে। এর আগে একদিনের ক্রিকেটে এক ইনিংসে এত ছক্কা আর কোনো ব্যাটসম্যান হাঁকাননি। আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের জাভিয়ের মার্শালের। তিনি কানাডার বিপক্ষে ১২টি ছক্কা মারেন। চার ও ছক্কা মেরে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ডও কেড়ে নিলেন তিনি হার্শেল গিবসের কাছ থেকে। গিবস ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৫ রান করার পথে চার ও ছক্কার সাহায্যে ১২৬ রান সংগ্রহ করেছিলেন। এটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়াটসনের ষষ্ঠ শতক। অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানের পক্ষে এটি সর্বোচ্চ রানের ইনিংসও বটে। এর আগে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ম্যাথু হেইডেনের। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রান করেছিলেন তিনি। এই খেলায় জিতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল অস্ট্রেলিয়া। প্রথম খেলায় বাংলাদেশ হার মানে ৬০ রানে। এর আগে ব্যাট করতে নেমে ৮৮ রানের মধ্যে ৫ উইকেট হারালে খাদে পড়ে যায় বাংলাদেশ। এ অবস্থায় হাল ধরে দলকে টেনে তোলেন মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ। ষষ্ঠ উইকেট জুটিতে দলের সঙ্গে তারা যোগ করেন ৭৯ রান। শুধু উইকেট ধরে রেখেই খেলেননি তারা, ওভার প্রতি রান তোলার হারও বাড়ান। দলীয় ১৬৭ রানের মাথায় মাহমুদুল্লাহ (৩৮) বিদায় নিলেও অবিচল ছিলেন রহীম। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮১ রানে। তার ৮০ বলের ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা রয়েছে। এটি একদিনের ক্রিকেটে মুশফিকের অষ্টম অর্ধশতক। প্রথম ৩০ ওভারে ১০০ রান তুললেও শেষ ২০ ওভারে ১২৯ রান করে বাংলাদেশ। এর আগে ২৭তম ওভারের শেষ বলে দলীয় ৮৮ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন নাফীস। ওপরের সারির ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে এক মাত্র তিনিই ছিলেন ব্যতিক্রম। বিদায় নেয়ার আগে তিনি তার একদিনের ক্রিকেট-জীবনের দ্বাদশ অর্ধশতক আদায় করে নেন। ৭৩ বলে ৫৬ রান করেন তিনি ৬টি চারের সাহায্যে। এর আগে সাজঘরে ফেরেন সাকিব (৯), রকিবুল হাসান (০), ইমরুল কায়েস (৫) ও তামিম ইকবাল (৫)। এক পর্যায়ে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল জনসন ৩ উইকেট নেন ৫৪ রানে। ৩৪ রানে ২ উইকেট নেন স্টিভেন স্মিথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৩৭ ঘ.