২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ দুঃস্বপ্ন তাড়া করছে ব্যাটসম্যানদের: সিডন্স

বিশ্বকাপ দুঃস্বপ্ন বাংলাদেশের ব্যাটসম্যানদের তাড়া করছে বলে মনে করেন জেমি সিডন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ দুঃস্বপ্ন বাংলাদেশের ব্যাটসম্যানদের তাড়া করছে বলে মনে করেন জেমি সিডন্স। রোববার সিডন্স সাংবাদিকদের বলেন, "প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ২৭১ রানের লক্ষ্য তাড়া করার সময় ব্যাটসম্যানদের মাথায় বিশ্বকাপের '৫৮' ও '৭৮' রানের দুস্বপ্ন থাকতে পারে।" উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (৮৯ বলে ৬২) ও অধিনায়ক সাকিব আল হাসান (৯০ বলে ৫১) লক্ষ্য তাড়া করার একটা ভালো ভীত গড়ার কাজ করছিলেন। কিন্তু এ দুজনের বিদায়ের পর আর লক্ষ্যের দিকে আর ছোটা যায়নি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২১০ রানে থামে স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশ ইনিংসের ব্যাপারে সিডন্স বলেন, "উইকেট খুব কঠিন এছাড়া এত শ্লথ ব্যাটিংয়ের কোনো জবাব সাকিবের ছিলো না। উইকেটে তাদের হাঁটা, তাদের দৌঁড়ানো কোনো কিছুই আমার পছন্দ হয়নি।" "আমি খুবই হতাশ। এমনকি ১৬০ পেরুনোর পরেও আমরা আক্রমণে যাইনি।" ব্যাটিং পাওয়ার প্লে কখন নেয়া উচিত, কি করে খেলা উচিত সিদ্ধান্ত এখনো নিতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে দেরিতে পাওয়ার প্লে নেয়া হয়েছে বলে মত সিডন্সের। "আমার ধারাণা আমরা ৬ থেকে ৮ ওভার দেরিতে পাওয়ার প্লে নিয়েছি। আমি এটা তামিম ও সাকিব যখন ব্যাট করছিলো তখন নিতে চেয়েছিলাম।" শুরুতে দ্রুত উইকেট পড়ার কারণে ৫৮ ও ৭৮ রানের দুস্বপ্ন ক্রিকেটারদের মাথায় উঁকি দিতে পারে বলে তিনি মনে করেন। "এরা তরুণ, অনভিজ্ঞ, গড় বয়স মাত্র ২৩। আমাদের একজন মাইকেল ক্লার্ক নেই, রিকি পন্টিং নেই, কুমার সাঙ্গাকারা অথবা এমন কেউ নেই যে খেলা ধরে রাখবে। আমাদের এমন দুই তিনজনকে প্রস্তুত করতে হবে।" আমাদের পরিকল্পনা ছিল পরিস্কার। ৪০ ওভারে আমাদের লক্ষ্য ছিলো ২০০ রান। পরের ৭১ রান শেষ ১০ ওভারে তোলে নেয়া যেত। কিন্তু দ্রুত উইকেট পড়ে যাওয়ায় আমি ব্যাপারটা অধিনায়ক ও সহ-অধিনায়কের কাছে ছেড়ে দিয়েছিলাম। "আমি চেয়েছি তারা পরিস্থিতি মোকাবেলা করতে শিখুক। অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে পরিণত হোক। এ কারণে তাদের কোনো বার্তা পাঠাই নি। যখন বার্তা পাঠালাম ঠিক তার পরের বলেই সাকিব সাজঘরে ফিরে এল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৪৮ ঘ.