২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই

অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে টিকে থাকতে হলে সোমবার দ্বিতীয় খেলায় ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়াতেই হবে। আর অস্ট্রেলিয়া সিরিজ নিশ্চিত করতে চায় এই ম্যাচেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে টিকে থাকতে হলে সোমবার দ্বিতীয় খেলায় ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়াতেই হবে। আর অস্ট্রেলিয়া সিরিজ নিশ্চিত করতে চায় এই ম্যাচেই। তিন ম্যাচের সিরিজের প্রথম খেলায় জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। সিরিজে টিকে থাকতে চাইলে বাংলাদেশের উপরের সারির ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। অথচ রানের মধ্যে নেই তারা। কোনো কোনো ব্যাটসম্যান শুরু করলেও বড় করতে পারছেন না নিজেদের ইনিংস। ইমরুল কায়েস বিশ্বকাপে রান পেলেও প্রথম খেলায় ব্যর্থ হয়েছেন। শাহরিয়ার নাফীস সেভাবে রানের মধ্যে নেই। হাসি নেই রকিবুল হাসানের ব্যাটেও। তাই অলক কাপালী কিংবা শুভগত হোম চৌধুরীর মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে দলে। প্রথম খেলায় অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবাল অর্ধশতক হাঁকালেও তা কার্যকর ছিল না। ব্যাটিং 'পাওয়ার প্লে'কেও কাজে লাগাতে পারছেন না ব্যাটসম্যানরা। বাংলাদেশের বোলিং আক্রমণ নিঃসন্দেহে অনেক ভালো। দেশের মাটিতে স্পিনাররা যে কোনো দলকে গুড়িয়ে দেয়ার সামর্থ্য রাখেন। প্রথম খেলায় খারাপ ফিল্ডিংয়ের পরও ২৭০ রানে থামিয়ে দিয়েছেন তারা অস্ট্রেলিয়াকে। আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিবকে নিয়ে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। দ্বিতীয় খেলায় বাংলাদেশকে আলাদাভাবে ভাবতে হবে ফিল্ডিংয়ের কথাও। প্রথম খেলায় ক্যাচ ও রান-আউটের সুযোগ হাতছাড়া করেছেন ফিল্ডাররা। তবে 'গ্রাউন্ড ফিল্ডিং' খুব একটা খারাপ নয় দলের। প্রথম খেলায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্লার্ক। নিজেদের ইনিংস বড় করতে না পারলেও ভালো শুরু করেছিলেন শেন ওয়াটসন, রিকি পন্টিং ও মাইক হাসি। ক্যামেরন হোয়াইট ও স্টিভেন স্মিথ ছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা মোটামুটি 'ফর্মেই' আছেন। উইকেটে টিকে গেলে রান আসবেই, জেনে গেছেন তারা। অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি, মিচেল জনসন ও জন হেস্টিংস স্বাগতিক ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলতে পারেন। জাভিয়ের ডোয়ার্টি, ক্লার্ক, স্মিথ ও হোয়াইট দলে থাকায় স্পিন বৈচিত্র্যও কম নয় অস্ট্্েরলিয়ার। প্রতিটি খেলায় উন্নতির লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছেন ক্লার্ক। প্রথম খেলায় ২৭০ রান করলেও তাতে সৌভাগ্যের পরশ ছিল। গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানরা একাধিকবার জীবন পেয়েছেন। অন্যদিকে লড়াইয়ের জন্য বাংলাদেশের ব্যাটসম্যানদের রানের মধ্যে ফেরার কোনো বিকল্প নেই। অন্তত বোলারদের মুখের দিয়ে চেয়ে হলেও। কেননা বোলাররা তাদের কাজ করে যাচ্ছেন প্রায় প্রতিটি খেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৪১ ঘ.