ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ উইকেটে হারিয়েছে পুনা ওয়ারিয়র্স। তখনো হাতে ছিল ৪১ বল।
মুম্বাইয়ের ড. পাতিল স্পোর্টস একাডেমিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১২ রান করে পাঞ্জাব। রান তাড়া করতে গিয়ে ১৩ ওভার ১ বলে ৩ উইকেটে জয়ের লক্ষ্য ১১৩ রানে পৌঁছে যায় পুনা।
স্কোরবোর্ডে কোনো রান জমা না হতেই গ্রায়েম স্মিথ বিদায় নিলেও তা দলের জয়ের পথে বাঁধা হতে দাঁড়ায়নি। তবে ৬০ রানের মাথায় মিথুন মানহাস (৩৫) ও ৬৮ রানের মাথায় জেসি রাইডার (৩১) বিদায় নিলে হোঁচট খায় দু'বার।
শেষ পর্যন্ত রবিন উথাপা অপরাজিত ২২ ও অধিনায়ক যুবরাজ সিং ২১ রান করে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
পাঞ্জাবের পক্ষে ৩টি উইকেট ভাগাভাগি করে নেন প্রভিন কুমার, রায়ান ম্যাকলারেন ও অভিষেক নায়ার।
এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে পাঞ্জাব।
তবে রায়ান ম্যাকলারেনের অপরাজিত ৫১ রানের ওপর ভর করে এক শ' টপকে যায় দলটি। এছাড়া পিযুষ চাওলা ১৫, অভিষেক নায়ার ১২ ও সানি সিং করেন ১২ রান।
পুনার বোলারদের মধ্যে শ্রীকান্ত ওয়াঘ ৩ উইকেট নেন ১৬ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩১২ ঘ.
bdnews24