ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশকে হারানোর পর অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, ধৈর্য্য ধরে ব্যাট করার পুরস্কার তিনি পেয়েছেন। সেই সঙ্গে তিনি মনে করেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের আরো শট খেলার সুযোগ ছিল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার খেলা শেষে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, "বাংলাদেশের পিচে ব্যাট করা খুব কঠিন। তবে সেট হয়ে গেলে আর অসুবিধা হয় না।"
ক্লার্ক তার অধিনায়কত্ব শুরু করলেন শতক হাঁকিয়ে। তাই সন্তুষ্ট তিনি। তবে একবার জীবন পাওয়ার কথা ভোলেননি তিনি। বলেন, "যে কোন জায়গায় শতক হাঁকানো নিঃসন্দেহে আনন্দের ব্যাপার। আমি উপমহাদেশে খেলতে ভালোবাসি। এখানকার পরিবেশ আমার পরিচিত। তবে আজ (শনিবার) ভাগ্য আমরা সঙ্গেই ছিল।"
রানের জন্য প্রথমদিকে পরিশ্রম করতে হলেও নেমেই ধুমধারাক্কা মেড়ে ২৬ রান করায় মিচেল জনসনের প্রশংসা করেন ক্লার্ক।
তার প্রশংসা পেয়েছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিংও। বলেন, রিকির উপদেশ ও পরামর্শ তার কাজ অনেক সহজ করে দিয়েছে।
নিজেদের খেলা সম্পর্কে ক্লার্ক বলেন, "বোলাররা ভালো বল করেছেন। ঠিক সময়ে উইকেট নিয়েছেন। ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেছেন।" তবে পরের দুই খেলায় জেতা সহজ হবে না বলে মনে করছেন তিনি।
বাংলাদেশের ব্যাটিং সম্পর্কে তিনি বলেন, "তাদের (বাংলাদেশ) কি পরিকল্পনা ছিল বলা কঠিন। সম্ভবত বাংলাদেশের অধিনায়কই তা বলতে পারবেন। হাতে উইকেট ছিল, রানও খুব বেশি লাগতো না।" এ অবস্থায় আরো শট খেলা সম্ভব বলে মনে করেন তিনি।
বোলিং প্রসঙ্গে অস্ট্রেলিয়ার দলনায়ক বলেন, "চার স্পিনার খুব ভালো বল করেছেন। তাদের বিপক্ষে এই পিচে রান করা খুব কঠিন।"
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২০৭ ঘ.
bdnews24