ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিশ্বকাপ সাফল্যের পেছনে বিতর্কিত কোচ গ্রেগ চ্যাপেলের অবদান আছে বলে মনে করেন শ্রীলঙ্কার বিদায়ী কোচ ট্রেভর বেলিস।
২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারতের ভরাডুবির পেছনে দায়ী করা গ্রেগ চ্যাপেলকে। বিশ্বকাপের পত্রপাঠ বিদায়ের পরে চ্যাপেলকেও বিদায় করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সেই চ্যাপেলের পক্ষে কিনা সাফাই গাইলেন বিশ্বকাপে শ্রীলঙ্কাকে বিশ্বকাপে রানার্সআপ করা কোচ বেলিস, "চ্যাপেলের বিপক্ষে সবকিছু ছিল এবং এর প্রকৃত কারণ আমার জানা নেই। কিন্তু আমি নিশ্চিত, দলকে বার বার পরিবর্তন করে তরুণদের সুযোগ করে দিয়ে সঠিক কাজটাই সে করেছে। তাই ২০১১ বিশ্বকাপে কাঙ্খিত সাফল্যের দেখা পেলো ভারত।"
বেলিস মনে করেন, চ্যাপেলের হাত ধরে উঠে আসা তরুণ ভারতীয়রাই বিশ্বকাপে ঝাণ্ডা উড়িয়েছেন ভারতের হয়ে।
গ্রেগ চ্যাপেলের পর ভারত কোচের দায়িত্ব পান দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন। তার হাত ধরে আসে একের পর এক সাফল্য। কারস্টেনেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। কারস্টেনকে এক অসাধারণ ক্রিকেটার, জ্ঞানী ও শ্রদ্ধাভাজন বলে উল্লেখ করেন বেলিস।
"একজন কোচ হিসেবে আপনার প্রথম কাজটি হলো দলের খেলোয়াড়দের কাছ থেকে শ্রদ্ধা আদায় করা। কারস্টেন যা সহজেই করেছেন। বিশ্বকাপের সাফল্যের পেছনে এই বিষয়টিও কাজ করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম
bdnews24