২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার

জাতীয় দলের পেসার মাশরাফি বিন মর্তুজা এখনো জানেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে তার খেলা হচ্ছে কি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের পেসার মাশরাফি বিন মর্তুজা এখনো জানেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে তার খেলা হচ্ছে কি না। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশের অনুশীলন শেষে সাংবাদিকদের মাশরাফি বলেন, "অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন কি না তা এখনো ঠিক হয়নি। দলের কোচ, অধিনায়ক ও অন্যদের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।" মাঝখানে পারিবারিক সমস্যার কারণে প্রায় দেড়মাস ধরে সেভাবে অনুশীলন করা হয়নি মাশরাফির। দলের ফিজিও বলেছেন টানা অনুশীলনের মধ্যে থাকলে সমস্যা অনেকটাই কেটে যেত। তিনি বলেছেন, "প্রস্তুতি ম্যাচে খেলেছি। বল করতে কোনো সমস্যা হচ্ছে না। তবে মনে হয়েছে আরেকটু ভালো হলে আমার জন্য সুবিধা হত।" "আরও এক সপ্তাহ সময় পেলে আমার জন্য ভালো হত। আরেকটু চিন্তা করে সিদ্ধান্ত নেয়া উচিত। যেহেতু একটা দিন পাচ্ছি সিদ্ধান্তটা একটু ভেবেই নিতে চাই।" খেলা না খেলার সিদ্ধান্তটা একা নিতে চান না মাশরাফি। এমন কিছু করতে চান না যাতে দলে নেতিবাচক প্রভাব পড়ে। "সবাই বুঝছে কেমন করছি। বলের ক্ষেত্রে খুব একটা পার্থক্য হচ্ছে না। তাছাড়া দলে থাকলেও কতটা কি করতে পারবো সেটাও ভাবতে হচ্ছে। খেললে নিজের শতভাগ উজাড় করেই খেলবো।" খেলার জন্য প্রস্তুত হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবেন কিনা সে ব্যাপারে প্রশ্ন তোলেছেন মাশরাফি। "শফিউল ও রুবেল দারুণ ফর্মে আছে। বিশ্বকাপে তারা খুব ভালো করেছেন। খেলতে হলে এদের সঙ্গে লড়াই করেই খেলতে হবে। আমি নাজমুলকে প্রস্তুত থাকতে বলেছি। সে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছে। আমি না খেললে খুব একটা সমস্যা হবে না।" দলের উপর চাপ তৈরি করতে চান না মাশরাফি। সে কারণে নিজে থেকেই নাজমুলকে তৈরি থাকতে বলেছেন। বলেছেন, "না খেললে চাপ তৈরি হওয়ার কিছু নেই। সবাই অনুশীলনের মধ্যেই আছে।" তিন ম্যাচের সিরিজে একদিন অন্তর অন্তর ম্যাচ হওয়ার কারণে 'রিকভারি' করার সুযোগ কম পাবেন বলে মনে করছেন মাশরাফি। একজন ক্রিকেটার হিসেবে খেলতেই চান মাশরাফি। তবে দলের ভালোটাই তার কাছে আগে। দলের জন্য শতভাগ দেয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারে বেশ কয়েকবারের চোটের কারণে অস্ত্রপচার করতে হয়েছে মাশরাফির। বিশ্বকাপের আগে চোট পাওয়ার পর তার চিকিৎসক ডা. ডেভিড ইয়াং জানিয়েছিলেন পুরোপুরি সুস্থ হতে আরেকটা অস্ত্রপচার করতে হবে তার। মাশরাফি বোর্ডকে অস্ত্রপচারের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, "আমি বোর্ডকে জানিয়েছি। এখন দিনক্ষণ ঠিক করার দায়িত্ব তাদের।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৫০ ঘ.