ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন পুরো ক্যারিয়ারে তিনি শচীন টেন্ডুলকারকে অনুসরণ করেছেন।
ধোনি বলেছেন, "এতো বছরে দেশকে অনেক দিয়েছেন শচীন। আমি তাকে অনুসরণ করার চেষ্টা করেছি।"
বিশ্বকাপ জেতার পর শচীন বলেছেন, ধোনি তার দেখা সেরা অধিনায়ক। পরে তার সঙ্গে সুর মেলান ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শচীনের প্রশংসা পেয়ে যার পর নাই খুশি ধোনি।
"আমি আমার পুরো ক্যারিয়ারে দায়িত্বের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি। যে দায়িত্বই দেয়া হোক তা পালনে সর্বোচ্চ চেষ্টাই করেছি।"
শচীন খেলেছেন তার অধীনে। এটাকে চাপ নয় অনুপ্রেরণ হিসেবে নিয়েছেন ধোনি।
"তিনি আমার সঙ্গে খেলা উপভোগ করেছেন এটা আমার জন্য খুবই আনন্দের। দেশকে আমিও তার মত দিতে চাই।"
শুক্রবার ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আইপিএলে চেন্নাই সুপার কিংস নিজেদের প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ওই ম্যাচকে সামনে রেখে বুধবার কথা বলছিলেন চেন্নাই অধিনায়ক ধোনি।
এ সময় ধোনি ভারতের বিদায়ী কোচ গ্যারি কারস্টেনের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
"গ্যারি ভারতের ক্রিকেটকে উচ্চতর আসনে বসিয়েছেন। এটা সত্যিকারের উচ্চাসন। আমরা তার অভাব ভীষণভাবে অনুভব করবো। কিন্তু এও জানি গ্যারি আমাদের অভাব তার চেয়ে বেশি অনুভব করবে।"
তিনি পরে কখনো হয়তো আবারো কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন। নতুন একটা দলকে পাবেন সে সময়। সে সময় ভারতের এই দলটিকে তিনি আরো 'মিস' করবেন। তার সঙ্গে আমাদের একটা দৃঢ় বন্ধন তৈরি হয়েছে। দল এবং আমরা তাকে খুব 'মিস' করবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০৩ ঘ.
bdnews24