২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশ ও জিম্বাবুয়েকে রক্ষাই কারণ'

আগামী বিশ্বকাপে বাছাই পর্ব না রাখায় এবার আইসিসির নিন্দা করেছেন স্কটল্যান্ড ও বারমুডা। আগামী দুই বিশ্বকাপে ১০টি দেশকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বিশ্বকাপে বাছাই পর্ব না রাখায় এবার আইসিসির নিন্দা করেছেন স্কটল্যান্ড ও বারমুডা। আগামী দুই বিশ্বকাপে ১০টি দেশকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০১৫ সালে বিশ্বকাপের একাদশ আসরে কোনো বাছাই পর্ব থাকছে না। এটাই সহযোগী দেশগুলোর ক্ষোভের মূল কারণ। এ ব্যাপার নিয়ে মুখ খুলেছে স্কটল্যান্ড। "আমরা ১০ দলের বিশ্বকাপের বিপক্ষে নই। তবে সেক্ষেত্রে একটা বাছাই পর্ব থাকতে হবে।" স্কটল্যান্ড ১৯৯৯ ও ২০০৭ সালের বিশ্বকাপে অংশ নেয়। তারা বলছে পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করার জন্য অন্য সহযোগী দেশগুলোকে পাশে চায়। দলগুলোকে একাট্টা করার ব্যাপারে নিজেরা অগ্রণী ভূমিকা রাখারও আভাস মিলেছে তাদের কথায়। ২০১৫ সালের বিশ্বকাপে সহযোগী কোনো দেশ থাকছে না। সহযোগী দেশগুলোর জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দরজা আরো উন্মুক্ত করে দেয়া হয়েছে। ওই বিশ্বকাপে এখন থেকে ১৬টি দল অংশ নেবে। এছাড়া ২০১৯ সালে ১০ দল খেললেও সহযোগী দেশগুলোর খেলার একটা সম্ভাবনা থাকছে। ওই আসরে একটা বাছাই পর্ব থাকছে। আইসিসি প্রধান কারণ হিসেবে টিভি স্বত্ব ও আকর্ষণ বাড়ানোর কথা বললেও তা মানতে না রাজি নন স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান রুডি স্মিথ। তিনি মনে করেন দুর্বল পূর্ণ সদস্য দেশগুলোকে বাঁচাতে এ পথে হাঁটছে আইসিসি। "পেছনের কারণ হিসেবে টিভি স্বত্বের কথা বলা হচ্ছে। তবে এটাকে আমরা মূল কারণ মনে করি না। মূল কারণ হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মত দলগুলোতে রক্ষা করা যারা আমাদের চেয়ে খুব একটা এগিয়ে নেই।" এই 'আমরা' হচ্ছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, আফগানিস্তান অথবা কেনিয়া ইত্যিাদি। তিনি বলেন, "কোনো সন্দেহ নেই অস্ট্রেলিয়া, ভারতের মতো দলগুলো সহযোগী দেশগুলোর চেয়ে যোজন যোজন এগিয়ে। কিন্তু নিচের সারির দলগুলো যেমন, বাংলাদেশ, জিম্বাবুয়ে এমনকি ওয়েস্ট ইন্ডিজও মিলিয়ন মাইল এগিয়ে নেই।" বিসিবির প্রতিক্রিয়া এক প্রাথমিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মনজুর আহমেদ বিডিনিউজটোয়েন্টিফোরডটকমকে বলেছেন, ওরা হতাশ। "সবাই জানে তাদের হতাশ হওয়ার কারণ আছে। আমরা তাদের প্রতিক্রিয়ার কোনো জবাব দিচ্ছি না।" মনজুর বলেছেন, "কারণ আছে বলেই আইসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে। স্কটল্যান্ড ও বারমুডা বুধবার বাছাই পর্ব না রাখায় আইসিসির সমালোচনা করে। এই দল দুটি বিশ্বকাপ ২০১১ সালের আসরে অংশ নেয়নি। অন্যদিকে আইসিসির সমালোচনায় প্রথম থেকেই মুখর আয়ারল্যান্ড এবারের বিশ্বকাপে অংশ নেয়। একে ছয় ম্যাচে অংশ নিয়ে জয় পায় দুটিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩৭ ঘ.