ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল রাজ্জাক ও কামরান আকমল বাদ পড়েছেন পাকিস্তানের একদিনের ও টি-টোয়েন্টি দল থেকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি এ দুজনের।
এছাড়া বিশ্রাম দেয়া হয়েছে ইউনুস খান ও উমর গুলকে। দলে উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন মোহাম্মদ সালমান। দলের নেতৃত্ব থাকছে শহিদ আফ্রিদির কাঁধেই।
কয়েক দিন পর টেস্ট দল ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে ওই দলে থাকবেন ইউনুস ও গুল।
উইকেটে পেছনে অনেক দিন ধরেই সময়টা ভালো যাচ্ছিলো না কামরানের। ব্যাটিংয়ের জোরে দলে নিজের জায়গা ধরে রেখেছিলেন। কিন্তু বিশ্বকাপে ব্যাট ও গ্লাভস হাতে অনুজ্জল পারফর্ম্যান্সের কারণে এবার বাদই পড়লেন তিনি।
কামরানের বদলে নতুন কাউকে আনার আভাসটা আগেই দিয়েছিলেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে রস টেলরের দুটি ক্যাচ ছাড়েন কামরান। ক্যাচ ছেড়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে, একই ভুল করেছেন সেমিফাইনালে ভারতের বিপক্ষে। সে কারণেই পাকিস্তান দলে এসেছেন সালমান।
করাচীতে জন্ম নেয়া সালমান এ পর্যন্ত ১০৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। তবে টেস্ট দলে আদনান কামরানের থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
রাজ্জাকের বদলে দলে জায়গা পেয়েছেন হামাদ আজম। বিশ্বকাপে ব্যাট-বল হাতে অনুজ্জল রাজ্জাক ৭ ম্যাচ খেলে নিয়েছেন ৫ উইকেট, করেছেন ১০৪ রান। কোনো ম্যাচেই ১০ ওভারের কোটা পূরণ করতে পারেন নি।
এদিকে বাদ পড়ার পর নির্বাচকদের সমালোচনা করেছেন রাজ্জাক। তিনি বলেন, "আমি সেভাবে ব্যাট করার সুযোগ পাইনি। ৮ নম্বরে ব্যাট করে কয় ওভারই বা খেলেছি। এছাড়া বল হাতে খুব বেশি ওভার পাইনি। এখানে আমার পারফর্ম করার সুযোগ ছিলো কোথায়?"
গুলের বদলে দলে এসেছেন পাঞ্জাবের পেসার আজিজ চিমা। ৬২টি প্রথম শ্রেণীর ম্যাচে ২২১ উইকেট নিয়েছেন তিনি। ওয়াহাব রিয়াজ, তানভীর আহমেদ ও জুনায়েদ খানের সঙ্গে চতুর্থ পেসার হিসেবে থাকছেন তিনি।
ইউনুস খানে বদলে এসেছেন উসমান সালাহউদ্দিন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলার কারণে দলে এসেছেন তিনি।
পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে ১৮ এপ্রিল। ২১ এপ্রিল খেলবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। ৫ ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে ২৩ এপ্রিল। টেস্ট সিরিজ মাঠে গড়াবে ১২ মে থেকে।
দল: শহিদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফীজ, আহমেদ শেহজাদ, তৌফিক ওমর, উসমান সালাহউদ্দিন, মিসবাহ-উল-হক, আসাদ শফিক, উমর আকমল, আব্দুর রেহমান, সাঈদ আজমল, তানভীর আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হামাদ আজম, আজিজ সালমান ও মোহাম্মদ সালমান (উইকেটরক্ষক)।
স্ট্যান্ডবাই: রমিজ রাজা (ছোট), সাদাফ হোসেন, আসিফ জাকির, সোহাইল খান ও জুলফিকার বাবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১০০ ঘ.
bdnews24