২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারের টানে ভারত ছাড়ছেন কারস্টেন

ভারতের বিশ্বকাপ জয়ী দল চায় কোচের পদে গ্যারি কারস্টেনই থাকুক। কিন্তু, পরিবারকে সময় দেয়াটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বলে দক্ষিণ আফ্রিকা ফিরে যাওয়ার সিদ্ধান্তে স্থির তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিশ্বকাপ জয়ী দল চায় কোচের পদে গ্যারি কারস্টেনই থাকুক। কিন্তু, পরিবারকে সময় দেয়াটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বলে দক্ষিণ আফ্রিকা ফিরে যাওয়ার সিদ্ধান্তে স্থির তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে গ্যারি কারস্টেনের চুক্তির মেয়াদ ছিল বিশ্বকাপ পর্যন্ত। ২ এপ্রিল বিশ্বকাপের ফাইনালে জয় এনে দিয়ে ভারতীয়দের বসিয়েছেন ক্রিকেট স্বর্গের শ্রেষ্ঠত্বের আসনে, আর তার সময় হয়েছে বিদায় নেওয়ার। বিশ্ব জয়ের পর ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে কাঁধে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেছিল ভারতীয় খেলোয়াড়রা। এরপর লাল টি শার্ট পড়া লাজুক কারস্টেনকে বসিয়ে দেয়া হয় বিরাট কোহলির কাঁধে। তখনই বোঝা গিয়েছিল, ভারতীয় দলের সাজঘরে তিনি কতোটা জনপ্রিয়। টেন্ডুলকার আর যুবরাজ সংবাদ মাধ্যমে সরাসরি বলেছেন, নীল জার্সিদের সাজঘরের অবিসংবাদিত নেতা যেন তার চুক্তির মেয়াদ পুনরায় নবায়ন করেন। কিন্তু তিন বছর ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করা কারস্টেন বলেছেন, এখন সময় এসেছে পরিবারের কাছে ফিরে যাওয়ার। এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "তারা খুব আন্তরিকতার সঙ্গে থাকতে বলছে। আমার সামনে অফুরন্ত সুযোগ-সুবিধার দুয়ার খোলা। কিন্তু, পরিবারের প্রতি আমার দায়িত্ব আছে। আমি তাদের কথা দিয়েছিলাম তিন বছর পর ফিরে আসবো।" বাবা কারস্টেনের কাছে হার মেনেছে ভারতীয় দলের কোচ। চার ও সাত বছরের দুই ছেলের কথা বড্ড মনে পড়ছে তার, "আমার দুটি ছেলে আছে। নিশ্চয় বাবার কথা তাদের মনে পড়ে। তাই আমাকে ফিরে যেতেই হবে।" "আজ রাতে আমি সস্ত্রীক দেশে ফিরে যাচ্ছি। টেন্ডুলকারকে ধন্যবাদ জানাতে চাই। তার বন্ধুত্ব ভোলার নয় এবং তার মতো ক্রীড়াবিদ আমি আর দেখিনি।" বিদায় সবসময় বেদনাবিধুর হয়। কারস্টেনের ক্ষেত্রেও তা প্রযোজ্য। বিদায়টা বেদনার কারণ দারুণ এক দল রেখে যাচ্ছেন তিনি। তবে একই সঙ্গে সেটা মধুরও কারণ তাদের রেখে যাচ্ছেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে উচ্চ আসনে। "তাদের মতো খেলোয়াড়দের সঙ্গে তিন বছর কাজ করতে পারা গর্বের ব্যাপার। চলে যাচ্ছি, তবে আমি খুশি। কারণ তারাই এখন ক্রিকেট বিশ্বের শাসনকর্তা। যাই হোক, বিদায় বলতে আমার সত্যিই কষ্ট হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০২৯ ঘ.