২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ। বিশ্বকাপকে পেছনে ফেলে সামনের দিকে তাকাতে আগ্রহী বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলে পিছনে ফেলতে চান ৫৮ ও ৭৮ রানের লজ্জা। সে কারণে কঠোর অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন তারা। বিশ্বকাপে ৬ খেলায় তিন জয়ে ৬ পয়েন্ট পাওয়ার পরও রান রেটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে পড়ে প্রথম পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। বিশ্বকাপের পর ১০ দিনের ছুটি কাটিয়ে অনেকটাই সতেজ হয়ে এসেছেন তারা। কঠোর অনুশীলনের পর ম্যাচে ক্লান্ত থাকার শঙ্কা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের উপরের সারির ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। "১০ দিনের ছুটি কাটিয়ে আমরা অনেকটাই সতেজ। খেলা শুরুর আগেও ১০ দিনের মতো সময় পেয়েছি। এ সময়টার সর্বোচ্চ ব্যবহার করে আমরা অস্ট্রেলিয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে চাই।" বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া অস্ট্রেলিয়া সোমবার বাংলাদেশে পা রাখে। মঙ্গলবার মাঠে কোনো অনুশীলন করেন নি তারা। ২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম খেলা ৯ এপ্রিল। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় খেলাটি হবে যথাক্রমে ১১ ও ১৩ এপ্রিল। শেষেরটি হবে দিন-রাতের। এর আগে ৭ এপ্রিল ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। বিশ্বকাপের পর বাংলাদেশের ব্যাটসম্যানদের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। শের-ই-বাংলার সেন্টার উইকেট ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নেটে মঙ্গলবার ব্যাটিং অনুশীলন করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। নেট বোলারদের পাশাপাশি সেন্টার উইকেটে তাদের বিপক্ষে বল করেন জাতীয় দলের বোলাররাও। দিন দিন বাংলাদেশের ফিল্ডিংয়ের উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন নাফীস। বলেছেন, "আমরা ফিল্ডিংয়ে দিন দিন উন্নতি করছি। কিছু কিছু ব্যাপারে আরো উন্নতির সুযোগ আছে আমরা সেগুলো নিয়ে কাজ করছি।" মঙ্গলবার সকালে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০১৮ ঘ.