ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন কুমার সাঙ্গাকারা। তবে টেস্ট ক্রিকেটে এখনো দলকে নেতৃত্ব দিতে চান তিনি।
মঙ্গলবার এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাঙ্গাকারা বলেন, শ্রীলঙ্কার নির্বাচকদের নিজের সিদ্ধান্তের কথা সোমবারই জানিয়েছেন তিনি।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে দেয়া পদত্যাগের চিঠিতে সাঙ্গাকারা লিখেছেন, "২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখেই আমার এ সিদ্ধান্ত। নতুন একজন অধিনায়ক যেন ২০১৫ সালের বিশ্ব সেরা লড়াইয়ের জন্য একটা লঙ্কান দলটিকে তৈরি করতে পারে, সেদিকটাকে বিবেচনায় রেখেছি।"
বিশ্বকাপে একেবারে সামনে থেকে লঙ্কানদের নেতৃত্ব দিয়েছেন তিনি। ফাইনালে হারলেও দেশে ফিরে পেয়েছেন ফুলেল সংবর্ধনা। তাই তার এমন সিদ্ধান্ত ক্রিকেটমহলকে তাই কিছুটা নাড়িয়ে দিয়েছে।
তবে সাঙ্গাকারা বলেন, এই সিদ্ধান্ত বিশ্বকাপ শুরুর আগেই নিয়ে রেখেছিলেন। নিজের বয়স ও পরবর্তী বিশ্বকাপের চিন্তা তাকে এমনটা ভাবতে বাধ্য করে।
"বিশ্বকাপের আগেই ঠিক করেছিলাম, নেতৃত্ব থেকে সরে দাঁড়াবো। পরবর্তী বিশ্বকাপে যখন শুরু হবে, তখন আমি ৩৭ ছুঁয়ে ফেলবো। দলে হয়তো আমার জায়গা নাও থাকতে পারে।"
তবে ক্রিকেটকে এতো সহজে বিদায় জানাতে চান না লঙ্কান উইকেটরক্ষক, "আমি সোমবার নির্বাচকদের সঙ্গে দেখা করেছি, পদ ছাড়ার কারণ ব্যাখ্যা করেছি। এবং তাদের জানিয়েছি নতুন অধিনায়কের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। অবসর নিয়ে নিয়ে এই মুহূর্তে ভাবছি না।"
"অবসর নিয়ে ভাবছি না বলেই টেস্ট অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই।" তবে যদি বোর্ডের অন্য চিন্তা থাকে তবে আসন্ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে অন্তবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। বলেছেন, নতুন অধিনায়ককে একটু সময় দেয়ার জন্যই তার এ প্রস্তাব।
২০০৯ সালের মার্চে মাহেলা জয়াবর্ধনের জায়গায় তার হাতে নেতৃত্ব সঁপে দিয়েছিল শ্রীলঙ্কা বোর্ড। প্রায় দু'বছরের অধিনায়কত্বে লঙ্কানদের ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের রানার্স-আপ ট্রফি এনে দেন।
৯৪ টেস্টে ২৪ শতক হাঁকিয়ে ৫৭.২৫ গড়ে সাঙ্গাকারার রান ৮,২৪৪। আর ২৯১ টি একদিনের ম্যাচ খেলে ১১ শতকের সাহায্যে ৩৮.০২ গড়ে রান করেছেন ৯১৬৪ রান।
অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেয়া ৪৫টি একদিনের ম্যাচে ৪৭.৪৫ গড়ে ১ শতকের সাহায্যে করেছেন ১৭৫৬ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৯৩০ ঘ.
bdnews24