ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া অস্ট্রেলিয়া তেতে আছে তবে মোকাবেলার জন্য বাংলাদেশও প্রস্তুত বলে মনে করছেন শাহরিয়ার নাফীস।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান নাফীস বলেন, "বিশ্বকাপে ভালো করেনি অস্ট্রেলিয়া। দলটি আক্ষরিক অর্থেই সাফল্যের জন্য ক্ষুধার্থ। এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শক্তি। নির্দিষ্ট কোনো খেলোয়াড় নয় পুরো দলটাই এখন বিপদজনক।"
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের লক্ষ্য কি সে প্রশ্নের জবাবে নাফীস
বলেন, "আমরা উঁচুমানের ক্রিকেট খেলছি বেশ কিছু দিন ধরে। দেশের মাটিতে শেষ দুটি সিরিজ জিতেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্যই জেতার লক্ষ্য থাকবে। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।"
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিদায় নেয়ার পর এটাই অস্ট্রেলিয়ার প্রথম সিরিজ। নাফীস বলেন, "বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভালো করেনি। এই সিরিজে তাদের অনেক কিছু প্রমাণ করার আছে। দলটিতে বেশ কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার আছেন। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া যথেষ্ট শক্ত।"
২০০৬ সালে শেষবার বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া। এবারের দলটি ওই দলের চেয়ে পিছিয়ে বলে মনে করেন নাফীস। তারপরেও মাইকেল ক্লার্কের নেতৃত্বে আসা দলটিকে বেশ শক্তিশালী হিসেবে বর্ণনা করেছেন নাফীস। দলটির সবল দিক হিসেবে বলেছেন রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, ব্রেট লি, মাইক হাসি'র উপস্থিতি। এরা যে কোনো কন্ডিশনেই খেলতে অভ্যস্থ।
আর দুর্বল দিক হিসেবে বলেছেন, "সিনিয়র ক্রিকেটাররা ছাড়া সে অর্থে উপমহাদেশে খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার এই দলের খুব বেশি ক্রিকেটারের নেই। লি ছাড়া পেস আক্রমণও তেমন অভিজ্ঞ নয়। দলটির স্পিন আক্রমণও খুব একটা শক্তিশালী নয়। সে তুলনায় আমাদের দলের স্পিন আক্রমণ বিশ্বমানের। বিশ্বসেরা স্পিনারদের কয়েকজন আছেন দলে। তারা অস্ট্রেলিয়াকে যে কোনো সময় চাপে ফেলতে পারেন। সহজ হবে না তবে অস্ট্রেলিয়াকে চাপে ফেলা সম্ভব।"
প্রমাণ করার আছে বাংলাদেশেরও। বিশ্বকাপে দুই ম্যাচে ৫৮ ও ৭৮ রানে গুটিয়ে যাওয়া নিয়ে অনেক প্রশ্নের জবাব দিতে হল নাফীসকে। ম্যাচ দুটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চান তিনি।
"ধারাবাহিকভাবে ভালো খেলার পর গত চার বছরে আমরা মাত্র দুটি ম্যাচে এমন খারাপ করেছি। এটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি। বিশ্বকাপে ম্যাচ দুটি হয়েছে বলে েেচোখ বেশি পড়ছে। তবে আমরা পারফর্ম্যান্স দিয়েই এই লজ্জা ভুলিয়ে দিতে চাই।"
বাংলাদেশের ব্যাটসম্যানদের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠছে। এবার তারা কেমন করবেন সে প্রশ্নের জবাবে নাফীস বলে, "আমরা যে কন্ডিশনে খেলছি তাতে নিয়মিত ২৫০-৩০০ রান করা সম্ভব নয়। তবে আমরা যে খারাপ করছি তাও না। ২২০ রান হলেই জেতার রান হয়ে যাচ্ছে বা প্রতিপক্ষের দেয়া লক্ষ্য তাড়া করে জিতে যাচ্ছি।"
নিয়মিত টেস্ট না খেলার কারণে ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে কি না সে প্রশ্ন উড়িয়ে দিয়েছেন নাফীস। টেস্ট না খেলা নিয়ে কোনো সমস্যা দেখছেন না নাফীস। খেলোয়াড়দের 'টেম্পারমেন্ট' নিয়েও কোনো সন্দেহ নেই তার।
"টেস্ট নেই বলে খেলা হচ্ছে না। আপাতত আমরা একদিনের ম্যাচ নিয়েই ভাবছি। আসলে একটা ম্যাচ অনকে কিছু পরিবর্তন করে দেয় না।"
২০০৬ সালে খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। শতক ফতুল্লায় টেস্টে হাঁকিয়েছিলেন শতরান। আবার খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার লক্ষ্য কি। সে প্রশ্নের জবাবে বলেন, "ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করবো। এ নিয়ে টানা দুই সিরিজে খেলছি। এটা আমার জন্য একটা বড় সুযোগ। ঘরোয়া ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিং করি। তাই উপরের সারিতে ব্যাট করতে কোনো সমস্যা হবে বলে মনে করিনা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫৮ ঘ.
bdnews24