ঢাকা, এপ্রিল ৪ (বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম)- মহেন্দ্র সিং ধোনিকে ২২ বছরের ক্রিকেট জীবনে তার দেখা সেরা অধিনায়ক হিসেবে বর্ণনা করেছেন শচীন টেন্ডুলকার।
বিশ্বকাপ জেতার দু'দিন পর মুম্বাইয়ে শচীন বলেন, "আমি যাদের নেতৃত্বে খেলেছি তাদের মধ্যে ধোনিই সেরা।"
দীর্ঘ ক্রিকেট জীবনে ছয় অধিনায়ককে খুব কাছ থেকে দেখেছেন শচীন। তাদের মধ্যে কেন ধোনিকে সেরা বলেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
"সে খুবই মেধাবী ও সতর্ক। খুব দ্রুত পরিস্থিতি বুঝতে পারে। ধোনি দলের প্রত্যেক বোলার, ব্যাটসম্যান ও সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলাদাভাবে কথা বলে।"
খেলার পরিস্থিতি যাই হোক হাল ছাড়তে রাজি নন ধোনি। "ধোনি সব সময়ই শান্ত এবং কখনোই হতাশা প্রকাশ করেনি। এ ধরনের মানবিক গুণাবলীগুলো তাকে সেরা অধিনায়কে পরিণত করেছে।"
গ্র"প পর্বে কঠিন লড়াই শেষে নকআউট পর্বে অস্ট্রেলিয়া, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপ জেতে দলটি।
শচীন বলেছেন, "যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখনই নিজেদের সেরাটা খেলেছে ভারত। নক আউট পর্বে একেবারে সময় মতো আমরা জ্বলে উঠেছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানতাম হয় ব্যাটিং নয় বোলিং কিংবা ফিল্ডিং ভালো হচ্ছে কিন্তু তিনটা একসঙ্গে ভালো হচ্ছে না। তবে শেষ তিন ম্যাচে তিনটাই একসঙ্গে ভালো হল।"
"জেতার নিশ্চয়তা কেউ দিতে পারে না। তবে সেরা চেষ্টাই করতে পারে। আমরা সেটাই করেছি। এতে দলের প্রত্যেকে অবদান রেখেছে। সিনিয়র থেকে শুরু করে জুনিয়র প্রত্যেকে নিজের সেরাটা ঢেলে দিয়েছেন।"
বিশ্বকাপ জেতার পর ধোনি বলেছেন, পুরো বিশ্বকাপ তারা চাপ নিয়ে খেলেছেন। শচীন জানিয়েছেন ওই চাপ কি করে তারা কাটিয়েছেন।
"চাপ ও প্রত্যাশা সব সময়ই থাকে। আমরা প্রত্যেকে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে একটা দল হিসেবে খেলতে চেয়েছি।"
শচীন চান ভারতের বিদায়ী কোচ গ্যারি কারস্টেন দলের সঙ্গে থাকুন। তবে তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাও আছে শচীনের।
"দল তার অভাব ভীষণভাবে অনুভব করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১০৩ ঘ.
bdnews24