২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সহজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে না'

রিকি পন্টিংয়ের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর সহজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে না বলে মনে করছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিকি পন্টিংয়ের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর সহজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে না বলে মনে করছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলতে ঢাকায় আসার আগে সোমবার সকালে সিডনি বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান ক্লার্ক। বিশ্বকাপে শ্লথ উইকেটে ভালো করেনি অস্ট্রেলিয়ার বোলাররা। স্পিনের বিপক্ষে ব্যাটসম্যানরাও সেভাবে কিছু করতে পারে নি। বাংলাদেশ সফরে সহজ ম্যাচ আশা করছেন না ক্লার্ক। এ সময় সহজ সিরিজ দিয়ে অধিনায়কত্ব শুরুর দাবি নাকচ করে দেন তিনি। "কোনো সন্দেহ নেই একটা কঠিন সিরিজ খেলতে যাচ্ছি। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সহজ নয়, যেখানে কন্ডিশন তাদের পক্ষে। জানি বাংলাদেশ 'স্লো ও টার্নিং' উইকেট বানিয়ে আমাদের অভ্যর্থনা জানাবে! তাদের বেশ কয়েকজন উচু মানের স্পিনার রয়েছে। বিশেষ করে বাঁহাতি স্পিনাররা আমাদের ডানহাতি ব্যাটসম্যানদের জন্য একটা বড় চ্যালেঞ্জ।" তারপরও সিরিজে অস্ট্রেলিয়ার জয়ই দেখছেন ক্লার্ক। বলেছেন, "আমরা বাংলাদেশে যাচ্ছি এবং সেখানে সিরিজ জিততে চাই।" অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ক্লার্কের জন্য নতুন নয়। তবে নিজের প্রথম সফরে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে উদগ্রীব তিনি। "আমি জানি সামনে কি অপেক্ষা করছে এবং আমার লক্ষ্য কি।" ক্লার্ক বলেছেন, প্রথম সিরিজেই দলে পরিবর্তন আনতে চান না তিনি। ক্রিকেটারদের সময় দিতে চান তার নেতৃত্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে। "ভবিষ্যত নিয়ে ভাবার অনেক সুযোগ পাওয়া যাবে। আপাতত আমি তিন ম্যাচের সিরিজ নিয়ে ভাবতে চাই। একদিনের বা টি-টোয়েন্টি ম্যাচে অনেকেই আমার অধীনে খেলেছে। তারা ভালো করেই জানে আমি কি করে ভাবি। আমি পন্টিং নই, তিনি দীর্ঘদিন ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। সবাইকে নতুন নেতৃত্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় লাগবে।" দলের খেলোয়াড়দের নিজের মতো খেলার স্বাধীনতা দিয়েছেন ক্লার্ক। "আমি চাই প্রত্যেকে নিজের স্বাভাবিক খেলা খেলুক। আর যে কোনো সমস্যায় আমার সঙ্গে যোগাযোগের জন্য তাদের জন্য আমার দরজা ২৪ ঘন্টাই খোলা।" দলে সাবেক অধিনায়ক পন্টিংয়ের উপস্থিতিকে চাপ নয় সহায়ক হিসেবে দেখছেন। তার সঙ্গে সফর নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনাও করেছেন বলে জানিয়েছেন। সিরিজে পন্টিংয়ের ব্যাট থেকে রান আশা করছেন ক্লার্ক। "আমি জানি পন্টিং বেশ ছন্দে আছেন। তিনি সামনের দিকে তাকিয়ে আছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৪৪ ঘ.