ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলতে সোমবার ঢাকায় আসছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে আইসিসি'র একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়া সোমবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় এসে পৌঁছবে বলে তারা আশা করছেন।
এই সফরের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে শুরু হচ্ছে মাইকেল ক্লার্ক যুগ। বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয়ার পর রিকি পন্টিং নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।
বাংলাদেশের বিপক্ষে ২৭ সদস্যের দল নিয়ে আসছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ১৪ জন ক্রিকেটার ও ১৩ জন কর্মকর্তা।
২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম খেলা ৯ এপ্রিল। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় খেলাটি হবে যথাক্রমে ১১ ও ১৩ এপ্রিল। শেষেরটি হবে দিন-রাতের।
১৪ এপ্রিল অস্ট্রেলিয়ার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন (সহ-অধিনায়ক), জাভিয়ার ডোয়ার্টি, কালাম ফার্গুসন, ব্রড হ্যাডিন (উইকেটরক্ষক), জন হ্যাস্টিংস, মাইক হাসি, মিচেল জনসন, ব্রেট লি, টিম পেইন, জেমস প্যাটিনসন, রিকি পন্টিং, স্টিফেন স্মিথ ও ক্যামেরন হোয়াইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/ ২০৫০.
bdnews24