ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বোলিং কোচ ইয়ান পন্ট চুক্তির মেয়াদ শেষে দেশে ফিরে গেছেন।
প্রধান কোচ জিমি সিডন্স ও ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেনের মেয়াদও এবছর জুনে শেষ হচ্ছে।
পন্ট গত সেপ্টেম্বরে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গতকাল বৃহস্পতিবার তার চুক্তির মেয়াদ শেষ হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার চুক্তি আর নবায়ন করেনি। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পন্ট জনান, বিসিবি'র সঙ্গে আলোচনা করেই তিনি দেশে ফিরে যাচ্ছেন।
এমিরেটসের একটি বিমানে করে শুক্রবার দুবাই হয়ে লন্ডন ফিরে যাচ্ছেন তিনি।
দীর্ঘ মেয়াদে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ করার আগ্রহ থাকলেও পন্ট বিসিবি'র সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছতে পারেন নি বলে ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন।
বিদায় বেলায় বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেট ভক্তদের প্রশংসা করেছেন পন্ট।
"আমরা গত ছয় মাস বেশ উঁচু মানের ক্রিকেট খেলেছি। যদিও সেভাবে ধারাবাহিকতা রক্ষা করা যায়নি, তার পরেও আমরা ১৪টির মধ্যে ১০ ম্যাচে জিতেছি।"
এই রেকর্ড যে কোনো দেশ কিংবা কোচকে খুশি করার জন্য যথেষ্ট বলে মনে করেন তিনি।
আর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তার কাছে 'অবিশ্বাস্য'।
"দর্শকরা খুবই আবেগী। কখনো কখনো হয়তো আরেকটু যৌক্তিক হওয়া প্রয়োজন। তবে তাদের আগ্রহকে খাটো করে দেখা যায় না। তারাই নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারানোর ক্ষেত্রে সহায়তা করেছে।"
পেস আক্রমণ আরেকটু শক্তিশালী হলে বাংলাদেশ আরো কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে মনে করেন পন্ট। তবে বাংলাদেশের বোলারদের একটি বিষয় নিয়ে তিনি দারুণ খুশি। তা হলো, বিশ্বকাপে বাংলাদেশের বোলাররা ৬ ম্যাচে একটিও 'নো' বল করে নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯০১ ঘ.
bdnews24