ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবারের বিশ্বকাপ ফাইনালই হয়তো মুরালিধরন ও টেন্ডুলকারের শেষ বিশ্বকাপ ম্যাচ। বিদায় বেলায় এই দুই মহারথীর সামনেই রেকর্ডের হাতছানি দিচ্ছে ওয়াংখেড়ে।
মুম্বাইয়ের ছেলে টেন্ডুলকার নিজের মাঠেই রেকর্ড গড়ার উপলক্ষ্য পেয়ে গেছেন। শনিবার সেঞ্চুরি হাঁকাতে পারলে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি গড়বেন তিনি।
আর ওই ম্যাচে তিন ভারতীয় ব্যাটসম্যানকে সাজঘরে ফেরাতে পারলেই বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট শিকারির আসনে গ্লেন ম্যাকগ্র্যার পাশে বসার সুযোগ পাবেন মুত্তিয়া মুরালিধরন।
অবশ্য সেজন্য চোটকে বুড়ো আঙুল দেখিয়ে ফাইনাল ম্যাচে মাঠে নামতে হবে এই স্পিনারকে।
বিশ্বকাপের ইতিহাসে ৭১ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্র্যা আছেন এ তালিকার শীর্ষে।
নিজের ষষ্ঠ এবং সম্ভবত শেষ বিশ্বকাপ খেলছেন শচীন টেন্ডুলকার। ৩৭ বছর বয়সী এই 'মাস্টার' ব্যাটসম্যানকে পরের বিশ্বকাপে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
অপরদিকে মুত্তিয়া মুরালিধরন বলেই ফেলেছেন- চলতি বিশ্বকাপের পর এক দিনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি।
১৯ বছরের একদিনের ক্রিকেট ক্যারিয়ারে বিশ্ব সেরা অফস্পিনার মুরালির দখলে রয়েছে ৫৩৪টি উইকেট।
ক্রিকেট জীবনে একের পর এক রেকর্ড মুঠোবন্দি করা টেন্ডুলকারের একটি স্বপ্নই কেবল অধরা রয়ে গেছে। আর তা হলো বিশ্বকাপের ট্রফি নিজের দু'হাতে তুলে ধরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৮১০ ঘ.
bdnews24