টার্গেট খুব বড় ছিল না। তবে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২৬১ রানের টার্গেটও পাকিস্তানের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আর এ কাঠিন লক্ষ্যের কাছাকাছি গিয়ে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন।
মূলত ব্যাটসম্যানদের ভুলেই বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হয়ে গেলো তাদের।
আন্ডারডগ হয়েও এবারের বিশ্বকাপের শুরু থেকেই অসাধারণ ক্রিকেট খেলা আসছিল পাকিস্তান। তবে উজ্জীবিত ভারতের সামনে তারা আর পেরে ওঠেনি।
তবে এ ম্যাচের উত্তেজনা যে সত্যিকারের বিশ্বকাপ ম্যাচের অনুভূতি দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনা। কে হারবে, কে জিতবে- প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত বলা মুশকিল ছিল। বিশ্বকাপের সেমি ফাইনালে এমন ম্যাচই আশা করে ক্রিকেট দর্শকরা।
তবে মহেন্দ্র সিং ধোনির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের প্রশংসা করতেই হয়। তার সময়োপযোগী বোলিং পরিবর্তনের কারণেই পাকিস্তানের ব্যাটিং জুটিগুলো দীর্ঘ হতে পারেনি।
পাকিস্তানের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। কিন্তু ১০৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে তারা চাপে পড়ে যায়। সেই চাপ তারা আর কাটিয়ে উঠতে পারেনি।
পঞ্চম উইকেট জুটিতে মিসবাহ উল হক ও উমর আকমল কিছুটা দৃঢ়তা দেখিয়ে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন। বিশেষ করে উমর দুর্দন্ত কয়েকটি শট খেলে জয়ের আশাও জাগিয়ে তোলেন।
কিন্তু হরভাজনের দুর্দন্ত এক ব্রেক থ্রুতে উমর ২৯ রানে সাজঘরে ফিরে যান। এটাই ছিল এ ম্যাচের টার্নিং পয়েন্ট।
অবশ্য মিজবাহ একাই শেষ পর্যন্ত লড়ে গেছেন। যে পাকিস্তানের জয়ের আশা দীর্ঘতর হয়েছিল। তিনি যদি শুরু থেকেই হাত খুলে খেলতেন, তাহলে অন্যরকম কিছু হলেও হতে পারতো।
পাকিস্তানের ব্যাটসম্যানরা অনেক ক্ষেত্রেই ধৈর্য্য রাখতে পারেননি। কেউ কেউ উইকেটে একটু সেট হয়েই ফিরে গেছেন; যা দলের জন্য কাল হয়ে দাঁড়ায়।
ভারতের যে লম্বা ব্যাটিং লাইন-আপ, তাতে আরও কিছু রান হতে পারতো। বিন্তু একমাত্র শচীন টেন্ডুলকার ছাড়া অন্য কেউ বড় স্কোর করতে পারেননি।
বীরেন্দর শেবাগ যেভাবে শুরু করেছিলেন, তাতে তিনি আরো কিছুক্ষণ উইকেটে থাকলে ভারতের স্কোর ৩০০ পেরোতেও পারতো।
তবে স্লগ ওভারে পাকিস্তানের বোলাররা যেভাবে চেপে ধরেছিলেন, তাতে একপর্যায়ে মনে হচ্ছিল- ভারত ভালো কিছু করতে পারবে না। সুরেশ রায়না শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দিয়ে যান।
ওয়াহাব রিয়াজ ৫ উইকেট তুলে নিয়ে ভারতকে খুব একটা বাড়তে দেননি। এদিন অসাধারণ বল করেছেন তিনি। সে হিসাবে উমর গুল ভালো করতে পারেননি। তার এক ওভারে শেবাগ পাঁচটি চার মারেন।
এদিন পাকিস্তানের ফিল্ডিং খুবই বাজে হয়েছে। বিশেষ করে শচীনের ক্যাচ ফেলে শেষ পর্যন্ত মাশুল দিতে হয়েছে তাদের। এই শচীনই ৮৫ রান করেছেন।
আমি ধারণা করেছিলমা শ্রীলংকা-ভারত ফাইনাল হবে। শেষ পর্যন্ত হচ্ছেও তাই।
এ বিশ্বকাপই হতে পারে শচীনের শেষ বিশ্বাকাপ। লিটল মাস্টার ভারতকে অনেক কিছুই দিয়েছেন। ভারতীয় দলের সামনে এবার সুযোগ এসেছে তাকে কিছু দেওয়ার।
ফাইনালে শচীনের জন্যই খেলুক ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/০১২৭ ঘ.
bdnews24